'বার্থ ট্যুরিজম' নিয়ে সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, April 29, 2026
ছবি: সংগৃহীত
সন্তানের মার্কিন নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ভিসা ব্যবহার করা সম্পূর্ণ অননুমোদিত বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
বুধবার সকালে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কনস্যুলার কর্মকর্তার কাছে যদি বিশ্বাস করার যুক্তিসংগত কারণ থাকে যে আবেদনকারীর মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব করা, তাহলে ওই আবেদনকারীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।
বিবৃতিতে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়, "শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়।"
মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী যেকোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব লাভ করে। এই বিধানকে কাজে লাগিয়ে সন্তান প্রসবের উদ্দেশ্যে বিদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণের প্রবণতা বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে বলে মার্কিন কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে আসছে।