রোমানিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, April 29, 2026
ছবি: সংগৃহীত
রোমানিয়া সরকার একটি জরুরি অধ্যাদেশের মাধ্যমে অবৈধভাবে বসবাসরত অ-ইউরোপীয় কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, যা বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
গত ২৩ এপ্রিল জারি করা জরুরি অধ্যাদেশ নং–৩২ এবং ২৭ এপ্রিল প্রকাশিত অফিসিয়াল গেজেটে প্রকাশিত রাজক্ষমা কর্মসূচির অনুচ্ছেদ–৫২ অনুযায়ী, বৈধভাবে প্রবেশ করে পরবর্তীতে অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়া কর্মীরা নিজেদের অবস্থান বৈধ করতে পারবেন।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক বাংলাদেশি কর্মী বৈধ ওয়ার্ক ভিসায় রোমানিয়ায় প্রবেশের পর নিয়োগকর্তার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বা নির্ধারিত ৯০ দিনের মধ্যে নতুন নিয়োগকর্তা খুঁজে না পেয়ে অবৈধ হয়ে পড়েছেন।
কোনো কোনো ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে কর কর্তন করলেও তা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়া বা সময়মতো টিআরসি নবায়ন না করার কারণেও অনেকে অবৈধ হয়েছেন বলে জানানো হয়।
নতুন আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ প্রক্রিয়ায় তাদের অবশ্যই নতুন ও বৈধ নিয়োগকর্তার অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এবং টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।
তবে যারা ইতোমধ্যে 'রিটার্ন ডিসিশন' বা দেশত্যাগের নির্দেশ পেয়েছেন কিংবা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধার বাইরে থাকবেন বলে স্পষ্ট করা হয়েছে।
এই সুযোগ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। প্রক্রিয়াটি নতুন হওয়ায় জটিলতা দেখা দিলে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।