বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত পাইলট, আহত ১৩
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, June 27, 2026
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন এবং আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। তবে বিরল এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
ভবনটি সিআইটিআইসি টাওয়ার, যা ‘চায়না জোন’ নামেও পরিচিত, রাষ্ট্রায়ত্ত সিআইটিআইসি গ্রুপের প্রধান কার্যালয়।
শুক্রবারের এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ৫২৮ মিটার (১,৭৩২ ফুট) উঁচু সিআইটিআইসি টাওয়ারের নিচে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিকরাও ভবনের ওপরের একটি তলায় বড় একটি গর্ত দেখতে পান।
বেইজিংয়ের চাওইয়াং জেলা কর্তৃপক্ষ উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে একটি এক ইঞ্জিনবিশিষ্ট, দুই সিটের ছোট উড়োজাহাজ ভবনটিতে আঘাত হানে।
বিবৃতিতে বলা হয়, "বিমানটিতে কেবল পাইলটই ছিলেন। তিনি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।"
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
কাছের একটি ভবন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, দমকলকর্মীরা মাটিতে জ্বলতে থাকা ছোট ছোট আগুনে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভিডিওতে ভবনের পাশে উড়োজাহাজটির একটি অংশ পড়ে থাকতেও দেখা যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে ছবি তুলতে নিষেধ করে।
সিআইটিআইসি টাওয়ারের ভূমির ওপরে ১০৮টি এবং নিচে সাতটি তলা রয়েছে, সেখানে প্রায় ১২ হাজার অফিসকর্মী কাজ করতে পারেন।
জননিরাপত্তার কথা বিবেচনায় বেইজিং শহরাঞ্চলের আকাশসীমায় চীন কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেছে।