করদাতাদের সুবিধা অপব্যবহার করলে ভিসা বাতিল: মার্কিন দূতাবাস
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, June 27, 2026
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশী দর্শনার্থীদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোনো বিদেশী দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন।”
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনভিবাসী ভিসাধারীদের সতর্ক করে বলা হয়, এ ধরনের সুবিধা অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে তাদের ভিসা বাতিল করা হতে পারে এবং ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।
দূতাবাস বিজ্ঞপ্তিতে আরো বলেছে, “যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত করুন।”
এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য travel.state.gov ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিয়মিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা ও অন্যান্য অভিবাসন সংক্রান্ত সতর্কতা ও সচেতনতামূলক বার্তা দিয়ে থাকে।