বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে আছড়ে পড়ল ছোট উড়োজাহাজ
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, June 27, 2026
ছবি: সংগৃহীত
চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিআইটিআইসি টাওয়ারে একটি ছোট উড়োজাহাজ আঘাত হানার ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, বিমানটি ছিল স্থানীয়ভাবে নির্মিত সানওয়ার্ড এসএ-৬০এল অরোরা মডেলের একটি এক আসনবিশিষ্ট স্পোর্টস প্লেন, যার আকার প্রায় একটি ব্যক্তিগত গাড়ির সমান।
নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, উড়োজাহাজটি সুয়াংইউয়ে জেনারেল এভিয়েশন নামের একটি আঞ্চলিক ফ্লাইট প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত। তবে পাইলটের পরিচয় ও তার বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সংঘর্ষে ৫২৮ মিটার উঁচু ১০৯ তলা সিআইটিআইসি টাওয়ারের ওপরের অংশের দুটি কাচের প্যানেল ভেঙে পড়ে। ধ্বংসাবশেষ নিচের এলাকায় ছড়িয়ে পড়ে এবং একটি ট্যাক্সির সামনের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।
পাশের একটি ভবন থেকে ধারণ করা ভিডিওতে দমকলকর্মীদের ভবনের ওপর পানি ছিটিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ভবনটি সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। কর্মী ও দর্শনার্থীরা নিচে রাস্তায় জড়ো হন। ঘটনাস্থলে দমকল বাহিনী, পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয় এবং আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
রয়টার্সকে এক কুরিয়ার কর্মী জানান, বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তার ভাষায়, "শব্দটি আতশবাজির চেয়েও অনেক বেশি জোরে ছিল।" তিনি বলেন, ঘটনাস্থলের একটি ভিডিও ধারণ করলেও পরে পুলিশের ভয়ে তা মুছে ফেলেন।
সিআইটিআইসি টাওয়ার, যা ‘চায়না জুন’ নামেও পরিচিত, রাষ্ট্রায়ত্ত সিআইটিআইসি গ্রুপের প্রধান কার্যালয়। ঘটনার কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বেইজিং সিটি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সূত্র: ব্যাংকক পোস্ট