চীনের টিল্টরোটর ড্রোন ‘ল্যানিং আর৬০০০’-এর সফল মুক্ত উড্ডয়ন
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, June 27, 2026
ছবি: সংগৃহীত
চীনের ৬ টন শ্রেণির মানবহীন টিল্টরোটর উড়োজাহাজ ল্যানিং আর৬০০০ সফলভাবে পূর্ণ মুক্ত (ফ্রি-ফ্লাইট) উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করেছে। এর মাধ্যমে ড্রোনটির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফট।
শেনজেনভিত্তিক ইউনাইটেড এয়ারক্রাফটের তৈরি ল্যানিং আর৬০০০ হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ (ভিটিওএল) করতে পারে। একই সঙ্গে এটি স্থির-পাখার উড়োজাহাজের উচ্চ গতি ও দীর্ঘ পাল্লার সক্ষমতা একত্র করেছে। উড়োজাহাজটি মূলত লজিস্টিকস পরিবহন, দুর্যোগ ত্রাণ এবং অফশোর সহায়তা মিশনের জন্য তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, স্থির-পাখা মোডে আর৬০০০ ঘণ্টায় সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার গতিতে উড়তে পারে, যা প্রচলিত হেলিকপ্টারের তুলনায় প্রায় দ্বিগুণ। এটি সর্বোচ্চ ২ টন পর্যন্ত পণ্য বহন করতে সক্ষম এবং একবারে ৪ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। এর সার্ভিস সিলিং ৭ হাজার ৬২০ মিটার।
প্রচলিত টিল্টরোটর উড়োজাহাজে পুরো ইঞ্জিন ন্যাসেল ঘোরানোর পরিবর্তে ল্যানিং আর৬০০০-এ উন্নত টিল্টিং রোটর শ্যাফট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নির্মাতার দাবি, এই নকশা ভূমিকর্মীদের নিরাপত্তা বাড়ায় এবং সমুদ্রভিত্তিক প্ল্যাটফর্মে পরিচালনার সময় তাপজনিত ক্ষতির ঝুঁকি কমায়।
নির্মাতা প্রতিষ্ঠান বলছে, সফল পূর্ণ উড্ডয়ন পরীক্ষা ভবিষ্যতে আর৬০০০-এর বাণিজ্যিক ও বিশেষায়িত কার্যক্রমে ব্যবহারের পথ আরও সুগম করবে।
সূত্র: Interesting Engineering