বিমানবন্দরে লাগেজ চুরি রোধে কর্মীদের বডি ক্যামেরা বাধ্যতামূলক: বিমান
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, December 17, 2025
ছবি: সংগৃহীত
লাগেজ ব্যবস্থাপনায় নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ে যুক্ত কর্মীদের জন্য বডি ক্যামেরা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (জিএইচএ) হিসেবে দায়িত্ব পালনকারী বিমান যাত্রীদের জন্য আরও নিরাপদ ও স্বচ্ছ লাগেজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের আওতায় লাগেজ পরিবহনে যুক্ত ট্রাফিক কর্মীদের বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে বিমানের কার্গো হোল্ড থেকে লাগেজ নামানো, কনভেয়ার বেল্ট দিয়ে পরিবহন এবং যাত্রীদের কাছে চূড়ান্তভাবে হস্তান্তর—এই পুরো প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা যাবে।
এই ব্যবস্থা বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি যেসব বিদেশি এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা বিমান প্রদান করে, সেসব আন্তর্জাতিক ফ্লাইটেও কার্যকর হবে। ফলে সব কার্যক্রমে নিরাপত্তা ও স্বচ্ছতার একটি সমন্বিত মানদণ্ড নিশ্চিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমান কর্মকর্তারা জানান, এই উদ্যোগ লাগেজ নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি কর্মীদের দায়বদ্ধতা ও অপারেশনাল স্বচ্ছতা জোরদার করবে। লাগেজসংক্রান্ত কোনো অভিযোগ উঠলে সংরক্ষিত ফুটেজ পর্যালোচনার মাধ্যমে দ্রুত ঘটনার সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আধুনিক প্রযুক্তি গ্রহণ, পেশাদারিত্ব বজায় রাখা এবং যাত্রীকেন্দ্রিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুনর্ব্যক্ত করেছে, যাত্রী নিরাপত্তা, সেবার মান এবং আস্থা—এই তিনটি বিষয়ই তাদের পরিচালন অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে রয়েছে, এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা আধুনিকায়নের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।