বৈশ্বিক বিমান পরিবহন খাতের উন্নয়নে বড় সংস্কারে একমত আইকাওর সদস্যদেশগুলো
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 21, 2026
ছবি- আইকাও
বৈশ্বিক বিমান পরিবহন খাতের প্রবৃদ্ধি বাড়ানো, দেশগুলোর মধ্যে আকাশপথে যোগাযোগ উন্নত করা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক অর্থনৈতিক সংস্কারে একমত হয়েছে বিভিন্ন দেশের সরকার। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে এসব বিষয়ে সমঝোতা হয়েছে।
শুক্রবার কানাডার মন্ট্রিয়লে সপ্তাহব্যাপী এ সম্মেলন শেষে মন্ত্রী পর্যায়ের একটি ঘোষণার মাধ্যমে সমঝোতা আনুষ্ঠানিক রূপ পায়। আইকাওর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঘোষণায় বিমান পরিবহন খাতের প্রবৃদ্ধি ও যোগাযোগব্যবস্থা উন্নত করা, অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা জোরদারের অঙ্গীকার করা হয়েছে।
সম্মেলনে আইকাওর ১৫৪টি সদস্যদেশ ও বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার ১ হাজার ৫০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। এতে বিমান পরিবহনের অর্থনৈতিক ও আইনি কাঠামোর আধুনিকায়ন, অবকাঠামো ও দক্ষ জনশক্তিতে বিনিয়োগ এবং নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা তৈরির বিষয়ে আলোচনা হয়।
আইকাওর মহাসচিব হুয়ান কার্লোস সালাজার বলেন, টেকসই ও শক্তিশালী প্রবৃদ্ধির অঙ্গীকারের মাধ্যমে বিমান পরিবহনের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হবে। সম্মেলনের ঘোষণা আন্তর্জাতিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে সদস্যদেশগুলোর অঙ্গীকারের প্রতিফলন।
আইকাও জানিয়েছে, সংস্থাটির দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা অনুযায়ী ২০৫০ সালের মধ্যে সবার জন্য বিমান পরিবহন নিশ্চিত করা, বিমান দুর্ঘটনায় প্রাণহানি শূন্যে নামিয়ে আনা এবং কার্বন নিঃসরণ নিট শূন্যে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। নতুন সংস্কারগুলো এ লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
সংস্থাটি আরও বলেছে, উদীয়মান অর্থনীতির দেশগুলোর টেকসই উন্নয়নে বিমান পরিবহন খাতের অর্থনৈতিক নীতির আধুনিকায়ন ও বিনিয়োগ বাড়ানো গুরুত্বপূর্ণ। কারণ, ভবিষ্যতে এ খাতের প্রবৃদ্ধির বড় অংশ এসব দেশ থেকে আসবে।
সম্মেলনে দেওয়া নীতিগত সুপারিশগুলো পর্যালোচনা ও বাস্তবায়নের জন্য আইকাও কাউন্সিলে জমা দেওয়া হবে। সংস্থাটির বৈশ্বিক নীতি, মানদণ্ড ও পরিকল্পনার মাধ্যমে এসব সুপারিশ বাস্তবায়ন করা হবে। সম্মেলনে বিমান চলাচলের নিয়ন্ত্রণ কাঠামো, অবকাঠামোয় বিনিয়োগ, ডিজিটাল রূপান্তর, নতুন প্রযুক্তি এবং পরিবেশগত স্থায়িত্ব নিয়েও আলোচনা হয়।