চীন ও মধ্য এশিয়ার মধ্যে ফ্লাইট বাড়াতে নতুন চুক্তি, ‘এয়ার সিল্ক রোডে’ গুরুত্বারোপ
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, November 13, 2026
চীন ও মধ্য এশিয়ার মধ্যে ফ্লাইট বাড়াতে নতুন চুক্তি সই। ছবি- ইউরো নিউজ
চীন ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে বিমান চলাচল বাড়ানোর নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তশখন্দে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়া–চীন (সি৫+১) সিভিল এভিয়েশন কোঅপারেশনের ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চীন, উজবেকিস্তান ও কাজাখস্তানের মধ্যে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী, উজবেকিস্তান ও চীনের মধ্যে সাপ্তাহিক ফ্লাইটের সর্বোচ্চ সীমা ১০০ থেকে বাড়িয়ে ১১৪ করা হয়েছে। আর কাজাখস্তান ও চীনের মধ্যকার চুক্তির ফলে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ১৫০ থেকে বাড়িয়ে ১৮০ করা হয়েছে। এর পাশাপাশি চীনের চেংদু ও কাশগর শহরকে নতুন গন্তব্য হিসেবে যুক্ত করা হয়েছে।
‘এয়ার সিল্ক রোড’ ও আঞ্চলিক রুট সম্প্রসারণ
নতুন এই চুক্তিগুলো মূলত ‘এয়ার সিল্ক রোড’ উদ্যোগের অংশ। এর লক্ষ্য নতুন রুট চালু করা এবং সীমান্ত পেরিয়ে বিমান চলাচলের পথ আরও সুগম করা। উজবেকিস্তান চাচ্ছে, চীন ও মধ্য এশিয়া থেকে ইউরোপগামী যাত্রীরা যেন তাদের বিমানবন্দরে সহজে প্লেন বদল করতে পারেন।
এদিকে, মধ্য এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যকার আকাশপথের যোগাযোগও জোরদার করা হচ্ছে। উজবেকিস্তান ও কাজাখস্তান তশখন্দের সঙ্গে আলমাতি ও আস্তানা—উভয় রুটের সাপ্তাহিক ফ্লাইট ৪২ থেকে বাড়িয়ে ৬০টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দুই দেশের অন্যান্য রুটের ফ্লাইটও বাড়ানো হয়েছে। কাজাখস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির এয়ারলাইন্সগুলো বেইজিং ও সাংহাইয়ের পাশাপাশি চীনের আরও বিভিন্ন শহরে ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী।
ভাড়াবৃদ্ধি ও পরিচালনা ব্যয় নিয়ে উদ্বেগ
নতুন রুট চালুর উদ্যোগ নেওয়া হলেও এভিয়েশন খাতের সংশ্লিষ্টরা ক্রমবর্ধমান পরিচালনা ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জ্বালানি তেলের দাম ও বিমানবন্দরের চার্জ বেড়ে যাওয়ায় আঞ্চলিক ফ্লাইট পরিচালনা ব্যয়বহুল হয়ে উঠছে।
এ পরিস্থিতি মোকাবিলায় এভিয়েশন কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সূত্র- ইউরো নিউজ