Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

লিবিয়ার পূর্বাঞ্চলে আটক বাংলাদেশিদের দ্রুত ফেরাতে আশ্বাস

প্রতিবেদক | Published: Saturday, October 10, 2026
লিবিয়ার পূর্বাঞ্চলে আটক বাংলাদেশিদের দ্রুত ফেরাতে আশ্বাস

ছবি: দূতাবাস

লিবিয়ার পূর্বাঞ্চলে আটক বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটির অবৈধ অভিবাসন প্রতিরোধ অধিদপ্তর। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর সঙ্গে বৈঠকে অধিদপ্তরের উপ-মহাপরিচালক মেজর জেনারেল খালেদ সরি এ আশ্বাস দেন।


গত ৭ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এবং বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


শুক্রবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বৈঠকে লিবিয়ার পূর্বাঞ্চলে বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন ঠেকানো, বৈধভাবে কর্মরত অভিবাসীদের সুরক্ষা এবং আটক বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।


রাষ্ট্রদূত বলেন, নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারের শিকার অভিবাসীদের দ্রুত ও নিরাপদে ফেরাতে কাজ করছে বাংলাদেশ সরকার। সাম্প্রতিক সময়ে লিবিয়ার পূর্বাঞ্চল থেকে দুই হাজারের বেশি বাংলাদেশিকে ফিরিয়ে আনতে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অধিদপ্তরকে ধন্যবাদ জানান। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।


রাষ্ট্রদূত বৈধ কাগজপত্র ও বিতাকা হাসর বহনকারী বাংলাদেশি অভিবাসীদের অযথা আটক না করার অনুরোধ জানান। এ ছাড়া গানফুদাসহ পূর্বাঞ্চলের বিভিন্ন আটক কেন্দ্রে থাকা বাংলাদেশিদের প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান।


উপ-মহাপরিচালক দূতাবাস ও অধিদপ্তরের মধ্যে চলমান সহযোগিতা ও সমন্বয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, আটক বাংলাদেশিদের ফেরত পাঠাতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ট্রাভেল পারমিট দেওয়ার ক্ষেত্রে দূতাবাসের সঙ্গে সমন্বয় করা হবে। দেশে ফেরানোর আগ পর্যন্ত আটক অভিবাসীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তাও নিশ্চিত করা হবে।


বৈঠকে দুই পক্ষ পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ আরও জোরদার করতে একমত হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News