ঢাকায় যুক্তরাষ্ট্রের খাবারের স্বাদ তুলে ধরল ‘টেস্ট অব আমেরিকা’
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, November 16, 2026
ছবি- ওহিদুজ্জামান টিটু
যুক্তরাষ্ট্রের দূতাবাস ঢাকায় শেরাটন হোটেলে আয়োজন করেছে ‘টেস্ট অব আমেরিকা’ প্রদর্শনী। এতে যুক্তরাষ্ট্রের উন্নত মানের গরুর মাংস ও বিভিন্ন কৃষিপণ্য তুলে ধরা হয়। পাশাপাশি খাবারের অভিজ্ঞতার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে খাদ্যবাণিজ্য ও আতিথেয়তা খাতে সহযোগিতার সুযোগও তুলে ধরা হয়।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রন্ধন ঐতিহ্যের স্বাদ তুলে ধরতে এ আয়োজন করে ঢাকার মার্কিন দূতাবাস। এতে দেশটির উন্নত মানের খাদ্যপণ্য, খাবারের বৈচিত্র্য এবং দুই দেশের মধ্যে কৃষিপণ্য বাণিজ্যের ক্রমবর্ধমান সম্ভাবনা উদ্যাপন করা হয়।
১৬ নভেম্বর ঢাকার শেরাটন হোটেলে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রের উন্নত মানের গরুর মাংস এবং বিভিন্ন কৃষিপণ্য ও খাদ্য উপকরণ প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা এসব পণ্যের স্বাদ নেওয়ার পাশাপাশি আমেরিকান খাবারের বৈচিত্র্য ও ব্যবহার সম্পর্কে জানার সুযোগ পান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্যের প্রসারে এ আয়োজন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের খাদ্য উপকরণ ব্যবহার করে কাপকেক তৈরির প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানে যুক্ত হয় সৃজনশীল রন্ধনশৈলীর ভিন্ন মাত্রা।
এ ছাড়া নেটওয়ার্কিং সেশন, মতবিনিময় ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। খাবার, ব্যবসা ও সাংস্কৃতিক যোগাযোগের সমন্বয়ে আয়োজনটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়।
যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য রপ্তানির প্রসারের পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান হোটেল, রেস্তোরাঁ ও আতিথেয়তা খাতের জন্য আন্তর্জাতিক খাদ্য উপকরণ এবং নতুন ধরনের খাবারের অভিজ্ঞতা নেওয়ার সুযোগও তুলে ধরা হয় এ আয়োজনে।
এ উদ্যোগের মধ্য দিয়ে খাবার উৎসব ও রন্ধন কূটনীতি যে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক জোরদার, খাদ্যসংস্কৃতির বিনিময় এবং বাংলাদেশের পরিবর্তনশীল আতিথেয়তা ও রন্ধন পর্যটন খাতকে সমৃদ্ধ করতে পারে, তা-ও তুলে ধরা হয়।