এয়ার এ্যাস্ট্রার বহরে যুক্ত হলো দ্বিতীয় নতুন এটিআর ৭২-৬০০
নিজস্ব প্রতিবেদক
| Published: Thursday, August 20, 2026
বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রার বহরে দ্বিতীয় নতুন ATR 72-600 উড়োজাহাজ যুক্ত হয়েছে। এর ফলে এয়ারলাইনটির বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচটিতে।
নতুন উড়োজাহাজটি, নিবন্ধন S2-STE, ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এয়ার এ্যাস্ট্রা জানায়, নতুন উড়োজাহাজটি Pratt & Whitney-এর PW127XT ইঞ্জিনে চালিত। এতে যাত্রীদের জন্য ৭২টি Geven Neo Prestige আসন রয়েছে।
এয়ারলাইনটির ভাষ্য, নতুন উড়োজাহাজটি দেশের অভ্যন্তরীণ রুটে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণ এবং অপারেশনাল সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হবে। এর মাধ্যমে অভ্যন্তরীণ গন্তব্যগুলোর মধ্যে বিমান যোগাযোগ আরও কার্যকর করার পাশাপাশি ভবিষ্যৎ নেটওয়ার্ক সম্প্রসারণের সক্ষমতাও বাড়বে।
এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, “এয়ার এ্যাস্ট্রার বহরে দ্বিতীয় নতুন ATR 72-600-এর সংযোজন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি মুহূর্ত। পাঁচটি উড়োজাহাজের বহরে পৌঁছানো আমাদের পুরো দলের নিষ্ঠা, পরিশ্রম এবং যাত্রী ও অংশীদারদের অব্যাহত আস্থার প্রতিফলন।"
বহর আরও শক্তিশালী করা, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং যাত্রীদের নিরাপদ, নির্ভরযোগ্য ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নতুন উড়োজাহাজটি যুক্ত হওয়ার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বিমান চলাচল বাজারে এয়ার এ্যাস্ট্রার সক্ষমতা আরও বাড়ল। এয়ারলাইনটি বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে।