ফ্লাইট ও গন্তব্য বাড়াতে নতুন ৩ উড়োজাহাজ আনছে এয়ার অ্যাস্ট্রা
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, May 06, 2026
ছবি: সংগৃৃহীত
বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা তাদের বহর আরও সম্প্রসারণ করছে। নতুন করে তিনটি অত্যাধুনিক এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ যুক্ত হচ্ছে সংস্থাটির বহরে। বুধবার (৬ মে) এয়ারলাইন্সটি জানায়, চলতি মে মাস থেকে শুরু করে আগামী জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে এই তিনটি এয়ারক্রাফট যুক্ত হবে।
এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন উড়োজাহাজগুলোর মধ্যে প্রথমটি ইতোমধ্যে ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে এবং শিগগিরই বহরে যুক্ত হবে। বাকি দুটি আগামী জুলাইয়ের মধ্যেই এসে পৌঁছাবে। নতুন এই সংযোজনের ফলে সংস্থাটির মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৭টিতে।
সংস্থাটি বলছে, বহর বাড়ানোর ফলে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং নতুন গন্তব্য চালুর সুযোগ তৈরি হবে। পাশাপাশি যাত্রীদের জন্য আরও আধুনিক, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, এটিআর ৭২-৬০০ একটি আধুনিক টার্বোপ্রপ আঞ্চলিক উড়োজাহাজ, যা স্বল্প দূরত্বের রুটে জ্বালানি সাশ্রয়ী ও কার্যকর পরিচালনার জন্য বিশ্বব্যাপী সমাদৃত। এতে প্রায় ৭০ জন যাত্রী পরিবহন করা যায়।
প্রায় সাড়ে তিন বছর আগে যাত্রা শুরু করা এয়ার অ্যাস্ট্রা এখনো আন্তর্জাতিক ফ্লাইট চালু না করলেও বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।