গ্রিসে দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২, বেঁচে গেলেন ব্রিটিশ পাইলট
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, August 03, 2026
ছবি: সংগৃহীত
গ্রিসে দাবানল নেভাতে গিয়ে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন ডেনিশ পাইলট, অন্যজন গ্রিক দমকল বাহিনীর একজন সমন্বয়কারী কর্মকর্তা। দুর্ঘটনায় সংশ্লিষ্ট অন্য হেলিকপ্টারের একজন ব্রিটিশ পাইলট ও আরেক গ্রিক সমন্বয়কারী অক্ষত অবস্থায় বেঁচে গেছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
রবিবার গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে একটি ভিডিওতে দেখা যায়, দুটি বেল হেলিকপ্টারের একটি অন্যটির প্রপেলারে আঘাত করে, এতে সেটি আগুন ধরে একটি খাদে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।
গ্রিক দমকল বাহিনী জানায়, অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান ম্যাকডারমট এভিয়েশন থেকে ভাড়া নেওয়া দুটি বেল হেলিকপ্টার রোববার অ্যাটিকা-বোয়েওশিয়া সীমান্তে একটি বড় দাবানল নেভানোর কাজে অংশ নেওয়ার সময় সংঘর্ষে পড়ে। একটি হেলিকপ্টারের ক্রুদের জীবিত উদ্ধার করা গেলেও অন্য হেলিকপ্টারের ক্রুদের অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, গ্রিক সমন্বয়কারী ও ডেনিশ পাইলটের মৃত্যু সবাইকে শোকাহত করেছে।
নিরাপত্তা প্রটোকল অনুযায়ী দেশজুড়ে সব বেল হেলিকপ্টারের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে বলে সিভিল প্রোটেকশন মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে। ওই সূত্র আরও জানায়, বেঁচে যাওয়া ব্রিটিশ পাইলট দাবানল মৌসুমের জন্য নিয়োগ পাওয়া একজন বেসরকারি পাইলট, যুক্তরাজ্য-গ্রিস কোনো বিনিময় কর্মসূচির অংশ ছিলেন না।
ম্যাকডারমট এভিয়েশনের প্রতিষ্ঠাতা জন ম্যাকডারমট নিহতদের পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জানিয়েছেন, তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করা হচ্ছে।
গ্রিসের বিভিন্ন এলাকায় এখনো ৫০০-র বেশি দমকলকর্মী দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সূত্র: বিবিসি