বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে জমজমাট ঢাকার হোটেলগুলো
ফুটবল ভক্তদের জন্য খাবার আর উৎসবের আয়োজন
বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে সারা বিশ্ব। ম্যাচগুলো যদিও অনুষ্ঠিত হচ্ছে উত্তর আমেরিকায়, তবে এর স্পন্দন ছড়িয়ে পড়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের বিলাসবহুল হোটেলের লাউঞ্জ ও ব্রাসারিগুলোতে। ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দেশের আতিথেয়তা খাত যেন রূপ নিয়েছে প্রাণবন্ত ফ্যান জোনে, যেখানে মাঠের প্রতিদ্বন্দ্বিতার মতোই জমজমাট খাবারের আয়োজন। ‘সাম্বা বয়েজ’খ্যাত ব্রাজিলের সমর্থক কিংবা ‘আলবিসেলেস্তে’খ্যাত আর্জেন্টিনার, দেশের শীর্ষ হোটেলগুলো নিশ্চিত করছে--প্রতিটি গোল উদযাপিত হবে সুস্বাদু খাবারের সঙ্গে।
র্যাডিসন ব্লুতে লাতিন আমেরিকার কার্নিভাল
যাদের কাছে ফুটবল এক ধরনের ধর্ম, তাদের জন্য র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন যেন এক তীর্থস্থান। হোটেলটির ওয়াটার গার্ডেন ব্রাসারি (ডব্লিউজিবি রেস্তোরাঁ)-তে ১৬ জুন থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত চলছে ‘টেস্ট অব লাতিন’ উৎসব। ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতির স্বাদ এবার মিলছে খাবারের মাধ্যমে।
মেন্যুতে রয়েছে দক্ষিণ আমেরিকার জনপ্রিয় সব পদ--ব্রাজিলের গালিনহাদা (মুরগি ও জাফরান ভাত), ঐতিহ্যবাহী ফেইজোয়াদা বিফ স্ট্যু, আর্জেন্টিনার কার্বোনাদা ক্রিওলা এবং চুপিন দে পেস্কাদো। গ্রিল স্টেশনে থাকছে চিমিচুরি চিকেন ও ভাকা আতোলাদা (ধীরে রান্না করা শর্ট রিবস)। মিষ্টান্নের তালিকায় রয়েছে ব্রিগাদেইরো, আলফাহোরেস ও বালা বাইয়ানা।
প্রতি ব্যক্তি ৮,৯৫০ টাকা (নেট) মূল্যে নির্বাচিত ব্যাংকের কার্ডে অফার (একটি কিনলে তিনটি) পাওয়া যাবে। এছাড়া চিট চ্যাট ভেন্যুতে লাইভ ম্যাচ উপভোগের সঙ্গে থাকছে ১০ শতাংশ ছাড়। যারা বিশ্বকাপের পুরো অভিজ্ঞতাই উপভোগ করতে চান, তাদের জন্য ‘স্টে অ্যান্ড স্কোর’ প্যাকেজ শুরু হচ্ছে ৮,৯০০ টাকা++ থেকে।
আমারি ও হানসায় জয়ের আনন্দ
আমারি ঢাকার স্লোগান—‘Watch. Dine. Win.’। হোটেলটির ক্যাসকেড লাউঞ্জ এখন শুধু খেলা দেখার জায়গা নয়, পুরস্কার জেতারও সুযোগ। দর্শকরা জিতে নিতে পারেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান টিকিট এবং মনো সিরামিকসের বিশেষ ফিফা মগ।
এদিকে আমায়া ফুড গ্যালারিতে চলছে বিশ্বকাপ ডিনার বুফে। প্রতি সপ্তাহেই থাকছে বিভিন্ন ছাড়।
উত্তরার হানসা হোটেলও এনেছে ভিন্ন আয়োজন। হানসা ক্যাফেতে কফিতে ২০ শতাংশ এবং খাবারে ১৫ শতাংশ ছাড়ের পাশাপাশি চালু হয়েছে গিফট ভাউচার ক্যাম্পেইন। নকআউট পর্বের ম্যাচে বিজয়ী দল সঠিকভাবে অনুমান করতে পারলে মিলবে আকর্ষণীয় পুরস্কার।
ইন্টারকন্টিনেন্টালে স্বাগতিক দেশগুলোর স্বাদ
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বিশ্বকাপের তিন স্বাগতিক দেশ--যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো--কে সম্মান জানিয়ে আয়োজন করেছে ‘ওয়ার্ল্ড কাপ ফ্লেভার্স’ থিমের ডিনার বুফে। এলিমেন্টস গ্লোবাল ডাইনিং-এ সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে আমেরিকার ম্যাক অ্যান্ড চিজ ও বাফেলো উইংস, কানাডার পুটিন, এবং মেক্সিকোর বিফ টাকোস, এনচিলাডা ও চিকেন কেসাদিয়া।
ডেজার্ট কাউন্টারে রয়েছে চুরোস, নিউ ইয়র্ক চিজকেক এবং নানাইমো বারস। ১১,৫০০ টাকা (নেট) মূল্যের বুফেতে রয়েছে বিশেষ ছাড় (একটি কিনলে তিনটা)। পাশাপাশি ওপাস-এ কোনো প্রবেশমূল্য ছাড়াই বড় পর্দায় সরাসরি ম্যাচ দেখার সুযোগ এবং ম্যাচ ডে-র বিশেষ স্ন্যাকস পরিবেশন করা হচ্ছে।
ওয়েস্টিন ও সিক্স সিজনসে পুলসাইড উন্মাদনা
দ্য ওয়েস্টিন ঢাকায় বিশ্বকাপের সূচনালগ্নেই স্প্ল্যাশ-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে আর্জেন্টিনার রাষ্ট্রদূত এবং মরক্কোর দূতাবাসের ডেপুটি হেড অব মিশন। এখন নকআউট পর্বে এসে স্প্ল্যাশই হয়ে উঠেছে খোলা আকাশের নিচে স্টেডিয়ামের আবহে খেলা দেখার অন্যতম আকর্ষণীয় স্থান। বিশাল পর্দায় ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকরা উপভোগ করতে পারছেন পুলসাইডে বিশেষ খাবার ও পানীয়।
একইভাবে সিক্স সিজনস হোটেল তাদের স্কাই পুল-এ আয়োজন করছে ‘ওয়ার্ল্ড কাপ: এক্সট্রা টাইম’। রাতজাগা দর্শকদের জন্য রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত পরিবেশন করা হচ্ছে প্রি-প্লেটেড ডিনার। ৫,৯৯৯ টাকা (নেট) মূল্যের এ অফারেও রয়েছে একটি কিনলে তিনটি পাওয়ার সুবিধা। বিশেষ আকর্ষণ লাইভ গ্রিল প্ল্যাটার, যেখানে রয়েছে ম্যাকারেল মাছ, বিফ স্টেক, কেজুন স্পাইসি উইংসসহ নানা পদ। খাবারের সমাপ্তি হচ্ছে গরম গুলাব জামুন দিয়ে।
রেনেসাঁ ও ক্রাউন প্লাজায় একসঙ্গে খেলার আনন্দ
দলবেঁধে খেলা দেখতে চাইলে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে ‘ম্যাচ বক্স’ (২,৫০০ টাকা নেট) এবং ‘ম্যাচ কম্বো’ (৩,৫০০ টাকা নেট), যেখানে রয়েছে ভাগাভাগি করে খাওয়ার উপযোগী পিৎজা ও গার্লিক ব্রেড। এছাড়া ১৯,৯৯৯ টাকা (নেট) মূল্যের ‘ফুটবল ফিভার স্টেকেশন’ প্যাকেজে থাকছে ডিলাক্স কিং রুম, সকালের নাশতা এবং দুইজনের জন্য একটি ম্যাচ বক্স।
ক্রাউন প্লাজা দুইটি ভিন্ন ভেন্যুতে আয়োজন করেছে বিশেষ অফার। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট-এ ৯,৯৯৯ টাকা++ থেকে শুরু হওয়া স্টেকেশন প্যাকেজে রয়েছে সুইমিং পুল ব্যবহার এবং লাইভ ম্যাচ দেখার সুযোগ। অন্যদিকে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান তাদের ওয়েসিস লাউঞ্জকে রূপ দিয়েছে স্টেডিয়ামের আবহে। ১,০০০ টাকা প্রবেশমূল্যে দর্শকরা উপভোগ করতে পারবেন বিশেষ ফিফা প্ল্যাটার, যেখানে সহযোগী হিসেবে রয়েছে এয়ার অ্যাস্ট্রা।
হায়াত প্লেসে ‘৯০ মিনিটস ম্যাডনেস’
হায়াত প্লেস ঢাকা এনেছে সবচেয়ে ব্যতিক্রমী ‘৯০ মিনিটস ম্যাডনেস’ ফুড কম্বো। ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড, আর্জেন্টিনা, মেক্সিকো, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং স্পেন--প্রায় প্রতিটি বড় দলের নামে সাজানো হয়েছে আলাদা প্ল্যাটার। এছাড়া ভোরের ম্যাচ দর্শকদের জন্য রয়েছে ‘সানরাইজ কম্বো’, যেখানে পরিবেশন করা হচ্ছে ফুল ইংলিশ ব্রেকফাস্ট অথবা ডিম ও পরোটা।
সমুদ্রতীরেও বিশ্বকাপের উচ্ছ্বাস
রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার মিনিসো এবং অ্যাপেক্স-এর সঙ্গে যৌথভাবে আয়োজন করছে র্যাফেল ড্র। নির্দিষ্ট খাবার অর্ডার করলেই অতিথিরা জিতে নিতে পারেন বিনামূল্যে হোটেলে থাকার সুযোগ এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ফলে সমুদ্রসৈকতের ছুটি আর বিশ্বকাপের আনন্দ মিলছে একই অভিজ্ঞতায়।