ইরানে অস্থিরতায় মধ্যপ্রাচ্যজুড়ে ফ্লাইট চলাচলে বড় ধাক্কা
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, January 11, 2026
ছবি: সংগৃহীত
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের এয়ারলাইনস ইরানগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে। এতে আন্তর্জাতিক বিমান চলাচলে সাময়িক অচলাবস্থা দেখা দিয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) তুরস্কভিত্তিক টার্কিশ এয়ারলাইনস তেহরানের সঙ্গে তাদের পাঁচটি নির্ধারিত ফ্লাইট স্থগিত রাখে। একই দিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইরানের বিভিন্ন শহরে যাওয়ার কথা থাকা অন্তত ১৭টি ফ্লাইট বাতিল হয় বলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে জানানো হয়েছে।
এদিকে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সূত্রে জানা গেছে, দোহা–তেহরান রুটের দুটি ফ্লাইটও ওই দিন বাতিল করা হয়। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে তেহরান ছাড়াও শিরাজ ও মাশহাদের মতো গুরুত্বপূর্ণ শহর রয়েছে।
ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় শুক্রবার ইরানমুখী তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেও বাতিলের নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি সংস্থাটি।
একই দিনে তুরস্কের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, টার্কিশ এয়ারলাইনস ছাড়াও আজেট এয়ারলাইনস ছয়টি এবং পেগাসাস এয়ারলাইনস ইরানের একাধিক রুটে ফ্লাইট বাতিল করেছে। পাশাপাশি কাতারের দোহা ও তেহরানের মধ্যকার আরও কয়েকটি ফ্লাইটও চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা উদ্বেগের কারণেই এসব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত মাসের শেষদিকে তেহরান থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দ্রুত ইরানের ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে। দেশটির মুদ্রা রিয়ালের মূল্যপতন, লাগামহীন মূল্যস্ফীতি ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের প্রতিবাদে প্রথমে ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। পরে তরুণদের একটি বড় অংশ এতে যুক্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরানজুড়ে ইন্টারনেট সেবা আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।