কালচারাল ট্যুরিজম উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Tuesday, August 25, 2026
ছবি: মন্ত্রণালয়
কালচারাল ট্যুরিজম খাতের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পর্যটন মন্ত্রী বলেন, পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প যার সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত। তিনি জানান, দেশের জিডিপিতে বর্তমানে পর্যটন খাতের অবদান ২-৩ শতাংশ, যা ৭-৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
মন্ত্রী আরও জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুই মন্ত্রণালয় যৌথভাবে একটি অভিন্ন নীতিমালা (এসওপি) প্রণয়ন করবে এবং কালচারাল ট্যুরিজম এগিয়ে নিতে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য নজরুল বর্ষ উপলক্ষে প্রয়োজনীয় প্রচারণা চালানোর সিদ্ধান্তও জানান তিনি।
সভাপতির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, দেশের হাজার বছরের পুরনো ঐতিহ্য সংরক্ষণ করে বিশ্বজুড়ে তুলে ধরতে চায় বর্তমান সরকার। তিনি জানান, দেশের ৫৫৪টি প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান পর্যায়ক্রমে টাস্কফোর্সের মাধ্যমে পরিদর্শন করে উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি, পাশাপাশি উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।