Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নিরাপদ অভিবাসন নিশ্চিতে জেলা প্রশাসকদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা

নিরাপদ অভিবাসন নিশ্চিতে জেলা প্রশাসকদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা

ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করা এবং দেশের অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 


বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিবাসন বিষয়ে বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব ও অঙ্গীকার, জাতীয় নীতি এবং মাঠ পর্যায়ের বাস্তব চিত্রের মধ্যে কার্যকর যোগসূত্র গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। বদলে যাওয়া বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে অভিবাসনইচ্ছুকদের কারিগরি ও ভাষাগত দক্ষতা বাড়ানোর কথাও তিনি তুলে ধরেন। 


এ লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় থাকা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর (টিটিসি) সক্ষমতা বাড়ানো ও প্রশিক্ষণ পাঠ্যক্রম আধুনিক করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। পাশাপাশি বিদেশের শ্রমবাজার বহুমুখী করা এবং নিয়মিত অভিবাসনের পথ আরও প্রশস্ত করার ওপরও জোর দেন।


নিজ নির্বাচনী এলাকার অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন, মানবপাচার, অভিবাসী চোরাচালান এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ঘটে যাওয়া প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “দেশের অভ্যন্তরে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা দিয়েই বিদেশে অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।”


সব পক্ষকে সঙ্গে নিয়ে Whole-of-Government ও Whole-of-Society পদ্ধতিতে অভিবাসন ব্যবস্থাপনাকে সুসংহত, আধুনিক ও অধিকারভিত্তিক করে তোলার আহ্বান জানান তিনি।


সভায় মাঠ পর্যায়ের বাস্তবতাকে জাতীয় নীতিনির্ধারণে প্রতিফলিত করে অভিবাসন বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। 


এ সময় বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশনগুলো থেকে পাওয়া শ্রমবাজারের চাহিদা, গন্তব্য দেশের কর্মী নিয়োগের শর্ত ও প্রয়োজনীয়তা এবং নিয়মিত অভিবাসন সম্পর্কিত তথ্য জেলা প্রশাসকদের জানানো হয়।


সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) প্রতিনিধি, অভিবাসনপ্রবণ ১৪টি জেলার জেলা প্রশাসক এবং ঢাকাস্থ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধানসহ সংশ্লিষ্ট অন্যান্যরা অংশগ্রহণ করেন। 


অভিবাসনপ্রবণ এই জেলাগুলো হলো— কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী, নরসিংদী, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও সুনামগঞ্জ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News