তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Tuesday, August 25, 2026
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ প্রস্তাব দাখিল করেছে।
মঙ্গলবার, ২৫ আগস্ট, দুপুর ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে প্রতিষ্ঠানটির পক্ষে মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাব জমা দেন। এ সময় বেবিচকের অন্যান্য সদস্য এবং জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
জাপানি প্রতিষ্ঠানটি কারিগরি ও আর্থিক প্রস্তাবসংবলিত পৃথক নথি জমা দিয়েছে। এসব প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত আরএফপি ইভ্যালুয়েশন কমিটি নির্ধারিত পদ্ধতিতে মূল্যায়ন করবে।
মূল্যায়ন প্রক্রিয়ায় প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরে আর্থিক প্রস্তাব যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা (নেগোসিয়েশন) শেষে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।
এ মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের বিমান খাতের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা ও দক্ষ পরিচালন ব্যবস্থার মাধ্যমে দেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী করতে টার্মিনালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বেবিচক।