কেনিয়ায় সাফারি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সাত
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, August 20, 2026
ছবি: সংগৃহীত
কেনিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ১৯ আগস্ট একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক। এ তথ্য জানিয়েছে অ্যারো টাইম।
সামবুরু কাউন্টিতে মাউন্ট ওলোলোকওয়ের কাছাকাছি কিরিশ এলাকায় বিধ্বস্ত হওয়া ইউরোকপ্টার ইসি১৩০ বি৪ মডেলের উড়োজাহাজটির নিবন্ধন নম্বর ছিল 5Y-GYM। এতে ছয়জন যাত্রী ও একজন পাইলট ছিলেন।
কেনিয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটের দিকে লোইসাবা কনজারভেন্সি থেকে এওয়াসো নিইরো এলাকার দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
উড়োজাহাজটি পরিচালনা করছিল লেডি লরি হেলিকপ্টারস প্রতিষ্ঠান, এবং এতে বিলাসবহুল সাফারি কোম্পানি অ্যান্ডবিয়ন্ডের অতিথিরা ছিলেন।
“আমরা নিশ্চিত করছি যে ১৯ আগস্ট সকালে অ্যান্ডবিয়ন্ডের অতিথিদের বহনকারী 5Y-GYM নিবন্ধিত উড়োজাহাজটি কেনিয়ার সামবুরু কাউন্টিতে মাউন্ট ওলোলোকওয়ের কাছে কিরিশ এলাকায় বিধ্বস্ত হয়েছে,” এক বিবৃতিতে জানায় প্রতিষ্ঠানটি, অ্যারো টাইম সূত্রে জানা যায়।
লেডি লরি হেলিকপ্টারস জানিয়েছে, উড়োজাহাজটি সুইয়ান কনজারভেন্সি থেকে ওলোলোকওয়ের উদ্দেশে চার্টার ফ্লাইট পরিচালনা করছিল। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলে, “5Y-GYM নিবন্ধিত আমাদের একটি উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে বলে নিশ্চিত করতে আমরা গভীরভাবে মর্মাহত। এই দুঃখজনক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অতিথি, ক্রু, তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”
মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক। দপ্তরের এক মুখপাত্র বলেন, “কেনিয়ার সামবুরু কাউন্টিতে হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত করছি। মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কনস্যুলার সহায়তা দিচ্ছে”।
ছয় যাত্রীর মধ্যে ছিলেন ইকুয়েডরের জাতীয় গোয়েন্দা কেন্দ্রের পরিচালক মিশেল সেন্সি-কন্তুগি, তার স্ত্রী স্তেফানি হলিহান ভাসকেজ (যুক্তরাষ্ট্র ও ইকুয়েডরের দ্বৈত নাগরিক) এবং ফ্লোরিডাভিত্তিক টেলিমুন্দোর জ্যেষ্ঠ নির্বাহী হোসে আলবের্তো সুয়ারেজ, বলে জানিয়েছে স্কাই নিউজ।
দুর্ঘটনাস্থলে বহুমুখী উদ্ধার তৎপরতায় যোগ দেয় কেনিয়া রেড ক্রস। প্রত্যন্ত ও পাহাড়ি ভূপ্রকৃতির কারণে ধ্বংসাবশেষ পর্যন্ত পৌঁছাতে উদ্ধারকারীদের বেগ পেতে হয়।
দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে কেনিয়ার বিমান দুর্ঘটনা তদন্ত বিভাগ।
ইসি১৩০ বি৪ সাত আসনবিশিষ্ট একটি একক ইঞ্জিনচালিত হেলিকপ্টার, যা তৈরি করেছিল ইউরোকপ্টার, যা বর্তমানে এয়ারবাস হেলিকপ্টারসের অংশ। প্রশস্ত কেবিন, কম শব্দ এবং অবাধ দৃশ্যপটের কারণে এই মডেলটি দর্শনীয় স্থান ভ্রমণ ও চার্টার ফ্লাইটে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বলে জানায় অ্যারো টাইম।
ওল দোনিয়ো সাবাচে নামেও পরিচিত মাউন্ট ওলোলোকওয়ে সামবুরু অঞ্চলের একটি জনপ্রিয় হাইকিং ও বন্যপ্রাণী পর্যটনকেন্দ্র। লোইসাবা কনজারভেন্সি ও এওয়াসো নিইরো নদীও কেনিয়ার উত্তরাঞ্চলীয় সাফারি সার্কিটের অংশ।
সূত্র: অ্যারো টাইম/স্কাই নিউজ