কিরগিজস্তানে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশত্যাগে এক মাসের সুযোগ
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, July 04, 2026
ছবি: সংগৃহীত
কিরগিজস্তানে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বিদেশি নাগরিকদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় দেশত্যাগের আহ্বান জানিয়েছে দেশটির সরকার। এ সময়ের মধ্যে দেশ ছাড়লে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং এক্সিট ভিসা প্রক্রিয়াকরণের ফিও মওকুফ করা হবে।
তাসখন্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে কিরগিজস্তানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের এ বিষয়ে অবগত করেছে। দূতাবাস জানায়, বৈধ ভিসা, ওয়ার্ক পারমিট বা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্স পারমিট) ছাড়া অবস্থানরত বিদেশি নাগরিকরা ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে স্বেচ্ছায় কিরগিজস্তান ত্যাগ করলে তাদের কোনো আইনি জটিলতায় পড়তে হবে না।
দূতাবাসটি এ বিষয়ে একটি গণমাধ্যমের প্রতিবেদনও প্রবাসীদের অবগতির জন্য নোটিশে জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ দেশটির অভিবাসন আইন লঙ্ঘন করে অবস্থানরত বিদেশি নাগরিক ও রাষ্ট্রহীন ব্যক্তিদের জন্য এককালীন বৈধতা কার্যক্রম (লিগ্যালাইজেশন ক্যাম্পেইন) চালুর লক্ষ্যে একটি ডিক্রিতে সই করেছেন।
ডিক্রিতে বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিকের ভিসা বা রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়েছে, রেসিডেন্স পারমিট বাতিল হয়েছে, নিবন্ধন বা ওয়ার্ক পারমিট নেই বা মেয়াদোত্তীর্ণ হয়েছে, অনুমোদিত অবস্থানের সময়সীমা অতিক্রম করেছেন অথবা ঘোষিত উদ্দেশ্যের বাইরে অবস্থান করছেন—তারা ১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় দেশত্যাগ করলে তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না।
এছাড়া, এ সময়ের মধ্যে দেশত্যাগকারী বিদেশিদের এক্সিট ভিসা প্রক্রিয়াকরণের ফিও নেওয়া হবে না।
ডিক্রিটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিদেশি নাগরিকদের মধ্যে ব্যাপক প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই ডিক্রিটি কার্যকর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।