আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরান গেলেন স্পিকার
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, July 02, 2026
ছবি: জাতীয় সংসদ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি আজ সকালে ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন।
জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন, পরবর্তীতে তিনি সেখানেই দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আগামী ৯ জুলাই সেখানেই তাকে দাফন করা হবে।
তাঁর সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের কয়েক দশক আগেই খামেনির সঙ্গে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির প্রথম সাক্ষাৎ হয়েছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে মার্কিন-সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের পতন ঘটে।
ইরান-ইরাক যুদ্ধের সময় ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত খামেনি ইরানের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৯ সালের ৩ জুন রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর অ্যাসেম্বলি অব এক্সপার্টস নামের ধর্মীয় পরিষদ জরুরি বৈঠকে বসে খামেনিকে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে মনোনীত করে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এই হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।
এই হামলায় খামেনির পাশাপাশি রেভল্যুশনারি গার্ডসের প্রধান মোহাম্মদ পাকপুর ও নিরাপত্তাপ্রধান আলী লারিজানিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন।
মার্চ মাসে অ্যাসেম্বলি অব এক্সপার্টস খামেনির ছেলে মোজতাবাকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করে।
সূত্র: PR/এএফপি