মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে বাংলাদেশ হাইকমিশন
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, May 25, 2026
মালদ্বীপে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি কর্মী কামাল হোসেনের (৪২) পাশে দাঁড়িয়েছে মালেস্থ বাংলাদেশ হাইকমিশন।
বাসসের এক সংবাদে উল্লেখ করা হয়েছে , মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে দেশে পাঠাতে বিমানের টিকিট দেওয়া হয়েছে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে এই প্রবাসী কর্মীর হাতে দেশে প্রত্যাবর্তনের বিমানের টিকিট হস্তান্তর করেন।
আজ মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মালদ্বীপ প্রবাসী কামাল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসা ও পারিবারিক সেবাযত্ন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তাকে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, এই বিমান টিকিটটি বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল হতে প্রদান করা হয়েছে।
টিকিট হস্তান্তর অনুষ্ঠানে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো মানবিক, স্বাস্থ্যগত ও কল্যাণমূলক সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা পাশে রয়েছে।’
টিকিট হস্তান্তর অনুষ্ঠানে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো. মোতাছেম বিল্যাহ এবং তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।