দুবাই বিমানবন্দরে ৫জি+ চালু, ইন্টারনেটের গতি ৩ জিবিপিএসের বেশি
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, November 26, 2026
সংগৃহীত
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে (ডিএক্সবি) চালু হয়েছে ৫জি+ মোবাইল নেটওয়ার্ক। নতুন এই ব্যবস্থায় সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ৩ গিগাবিটের (জিবিপিএস) বেশি গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। দুবাই এয়ারপোর্টস ও সংযুক্ত আরব আমিরাতের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ডুর যৌথ উদ্যোগে এই নেটওয়ার্ক চালু করা হয়েছে।
২৫ নভেম্বর প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিমানবন্দরের ভেতরে মোবাইল ইন্টারনেটের গতি ও নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যাত্রীদের ভিড়ের কারণে যেসব এলাকায় ইন্টারনেট সংযোগে চাপ তৈরি হয়, সেখানে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।
নতুন নেটওয়ার্কের ফলে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় যাত্রীরা দ্রুত ফাইল ডাউনলোড, ভিডিও কল এবং বিভিন্ন অনলাইন সেবা ব্যবহার করতে পারবেন। তবে ইন্টারনেটের প্রকৃত গতি নির্ভর করবে ব্যবহারকারীর মোবাইল ফোন, নেটওয়ার্কের চাপ এবং মোবাইল সংযোগের প্যাকেজের ওপর।
এই সুবিধা শুধু মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে প্রযোজ্য। বিমানবন্দরের পাবলিক ওয়াই-ফাই ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয়নি।
আন্তর্জাতিক যাত্রী চলাচলের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৫ সালে এই বিমানবন্দর দিয়ে ৯ কোটি ৫২ লাখ যাত্রী যাতায়াত করেছেন।
দুবাই এয়ারপোর্টসের প্রধান প্রযুক্তি ও অবকাঠামো কর্মকর্তা ওমর বিনাদাই বলেন, বিমানবন্দরে ইন্টারনেট সংযোগ শুধু যাত্রীদের সুবিধার বিষয় নয়। এটি বিমানবন্দরের কার্যক্রম আরও সহজ ও দ্রুত করতে এবং ভবিষ্যতের নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ।
ডুর প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলিম আলব্লুশি বলেন, বিমানবন্দরের মতো জটিল অভ্যন্তরীণ পরিবেশে ৩ জিবিপিএসের বেশি ইন্টারনেটের গতি অর্জন প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য।
তবে এই নেটওয়ার্ক উন্নয়নে কত টাকা খরচ হয়েছে এবং যাত্রীরা গড়ে কী পরিমাণ ইন্টারনেটের গতি পাবেন, তা জানায়নি প্রতিষ্ঠান দুটি।
শীতকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুম সামনে রেখে নতুন এই নেটওয়ার্ক চালু করা হয়েছে। আঞ্চলিক বিমান চলাচলে কয়েক মাসের বিঘ্নের পর যাত্রী চলাচল স্বাভাবিক করতে অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে দুবাই এয়ারপোর্টস।