দুবাইয়ের নতুন বিমানবন্দর নির্মাণে ১৫৪০ কোটি ডলারের চুক্তি
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, November 26, 2026
ছবি- খালিজ টাইমস
দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে নতুন করে ৫ হাজার ৬৫০ কোটি দিরহাম বা ১ হাজার ৫৪০ কোটি ডলারের চুক্তি করেছে কর্তৃপক্ষ। এর ফলে বিমানবন্দর প্রকল্পে এ পর্যন্ত দেওয়া চুক্তির মোট মূল্য ৮ হাজার কোটি দিরহাম বা ২ হাজার ১৮০ কোটি ডলার ছাড়িয়েছে।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নতুন চুক্তির ঘোষণা দেন। তিনি জানান, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশনায় এসব চুক্তি দেওয়া হয়েছে। তার মতে, এটি প্রকল্পের নতুন একটি পর্যায়ের সূচনা।
শেখ হামদান জানান, বর্তমানে প্রকল্পটিতে ১৪ হাজার মানুষ কাজ করছেন। নির্মাণকাজ শেষ হলে বিমানবন্দরটি বছরে ২৬ কোটির বেশি যাত্রী পরিবহন করতে পারবে।
প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরটির নির্মাণকাজে ইতিমধ্যে ১ হাজার ৩০০ কোটি দিরহাম বা ৩৫০ কোটি ডলারের বেশি মূল্যের চুক্তির কাজ চলছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, ২০৩২ সালে বিমানবন্দরটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
সম্পূর্ণ নির্মাণের পর বিমানবন্দরটিতে পাঁচটি সমান্তরাল রানওয়ে থাকবে। এ ছাড়া দুটি যাত্রী টার্মিনাল, সাতটি কনকোর্স এবং ৪৩০টির বেশি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। বিমানবন্দরটিতে স্বয়ংক্রিয় যাত্রী পরিবহনব্যবস্থাও গড়ে তোলা হবে। পাশাপাশি আকাশপথ, রেলপথ ও সড়কপথের সঙ্গে যুক্ত থাকবে এটি।
তবে, নতুন চুক্তিগুলো কোন কোন প্রতিষ্ঠান পেয়েছে এবং কোন কাজের জন্য এসব চুক্তি দেওয়া হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। প্রকল্পটির অর্থায়নের উৎস সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি।