মিসাইল-ড্রোনের ভিডিও করলে আইনি ব্যবস্থা: সৌদি
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, October 07, 2026
মিসাইল ও ড্রোন প্রতিরোধ এবং এগুলোর পতনের স্থান সংক্রান্ত কোনো তথ্য ভিডিও করা, প্রকাশ করা বা প্রচার করলে আইনি শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে আরবি, ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু, ফিলিপিনো ও বাহাসা ইন্দোনেশিয়া ভাষায় এই সতর্কবার্তা প্রকাশ করেছে। তবে কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে বার্তায় কিছু বলা হয়নি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত মার্চের শেষ দিকে প্রথম এই সতর্কতা জারি করে। তখন শত্রুপক্ষের মিসাইল ও ড্রোন প্রতিহত করার ছবি তোলা, প্রকাশ করা বা সে-সংক্রান্ত তথ্য ছড়ানো নিষিদ্ধ করা হয়। মন্ত্রণালয় জানায়, এ নিয়ম ভাঙলে আইনি জবাবদিহির মুখে পড়তে হবে।
একই সময়ে সরকারি অ্যাপ তাওয়াক্কালনায় আকাশে সন্দেহজনক কিছু দেখা গেলে তা জানানোর সুবিধাও চালু করা হয়।
উপসাগরীয় অন্যান্য দেশও একই ধরনের সতর্কতা দিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিও যিনি ধারণ করবেন, পোস্ট করবেন বা পুনরায় পোস্ট করবেন, তাঁকে আইনি জবাবদিহির মুখোমুখি হতে হবে।
সূত্র: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট; আরব নিউজ;ইউরোনিউজ/এপি