Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মন্ট্রিলে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজম মহাসচিবের বৈঠক

বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটন আয়োজনের প্রস্তাব ইউএন ট্যুরিজমের

মন্ট্রিলে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজম মহাসচিবের বৈঠক

ছবি: মন্ত্রণালয়ের


বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস। মঙ্গলবার কানাডার মন্ট্রিলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন।


আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত সপ্তম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের ফাঁকে এ বৈঠক হয়। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রী।


মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বৈঠকে মন্ত্রী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরায় মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং দেশের পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চান।


মন্ত্রী বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল, ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, এসব আকর্ষণ পর্যটন খাতে বিদেশি বিনিয়োগের জন্যও সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করেছে।


শাইখা আল নুয়াইস বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি ২০২৭ সালের মে মাসে কোরিয়া প্রজাতন্ত্রে ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশ নিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।


এ ছাড়া আন্তর্জাতিক পর্যটনসংক্রান্ত কোনো আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনা করতে বাংলাদেশকে প্রস্তাব দেন তিনি। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন মহাসচিব। 


মন্ত্রী বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখতে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে মহাসচিব সফরে আগ্রহের কথা জানান। 


অপরদিকে পর্যটনমন্ত্রী তুরস্কের একটি প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন।



বৈঠকে দুই দেশের বিমান ও পর্যটন খাতের প্রসার ও প্রচারে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়। 


আইসিএওর সম্মেলন ২০ নভেম্বর পর্যন্ত চলবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News