নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হজের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে: ধর্ম উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, January 28, 2026
ছবি: সংগৃহীত
সরকার অনুমোদিত রোডম্যাপ অনুযায়ী পবিত্র হজসংক্রান্ত সব কার্যক্রম সঠিকভাবে এগিয়ে চলছে, বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ. এফ. এম. খালিদ হোসেন । তিনি জানান, হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে কার্যক্রম তদারকি করছে।
বুধবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
ধর্মবিষয়ক উপদেষ্টা জানান, আসন্ন হজে বাংলাদেশি হজযাত্রীদের জন্য বাড়িভাড়া চুক্তি সম্পন্নের বিষয়টি কঠোরভাবে তদারকি করা হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যে সব হজ এজেন্সিকে বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে মক্কা ও মদিনায় উল্লেখযোগ্য সংখ্যক বাড়িভাড়া চুক্তি সম্পন্ন হয়েছে এবং বাকি এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি রাষ্ট্রদূত হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রোডম্যাপ অনুযায়ী বাড়িভাড়া চুক্তি সম্পন্নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশের হজ প্রস্তুতির সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ধর্মবিষয়ক উপদেষ্টা চলতি বছরের বাংলাদেশের হজ কোটা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, হজ উইংয়ের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম এবং যুগ্ম সচিব ড. মো. মানজুরুল হক উপস্থিত ছিলেন।