পোস্টালে ভোট দিতে নাম লিখিয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, January 06, 2026
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। গত ১৮ নভেম্বর শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম সোমবার রাত ১২টায় শেষ হয় বলে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।
প্রবাসী ভোটারদের অংশগ্রহণের দিক থেকে সৌদি আরব শীর্ষে রয়েছে। দেশটি থেকে ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৪ হাজার ২৯২ জন, কাতারে ৭৬ হাজার ১৩৯ জন এবং ওমানে ৫৬ হাজার ২০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।
দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার।
জেলাভিত্তিক হিসেবে নিবন্ধনে সবচেয়ে এগিয়ে রয়েছে কুমিল্লা, যেখানে নিবন্ধন করেছেন ১ লাখ ১২ হাজার ৯০ জন। এর পরের অবস্থানে ঢাকা (১ লাখ ৮ হাজার ৭৫৫ জন) এবং চট্টগ্রাম (৯৫ হাজার ২৯৭ জন)।
আসনভিত্তিক পরিসংখ্যানে ফেনী-৩ আসন শীর্ষে রয়েছে, যেখানে নিবন্ধন সংখ্যা ১৬ হাজার ৯৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম-১৫ আসন, নিবন্ধন ১৪ হাজার ৩০১ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ১৬ দিনে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে থাকা ২ লাখ ৭ হাজার ৯৪৩ জন ভোটারের কাছে।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান মঙ্গলবার বাসসকে জানান, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না। তিনি বলেন, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
তিনি আরও জানান, পোস্টাল ব্যালট পাওয়া ভোটাররা আগামী ১০ জানুয়ারির মধ্যে ব্যালট হাতে পাবেন। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সম্পূর্ণভাবে ভোটারের দায়িত্ব। গোপনীয়তা ভঙ্গের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এ ছাড়া প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় তাদের সঠিক ঠিকানা দেওয়ার জন্য মেসেজ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, প্রবাসী ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছেন।
গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপ ব্যবহার করে বিশ্বের ১৪৮টি দেশ থেকে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বরের মাধ্যমে নিবন্ধন করা সম্ভব হয়েছে।