রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল
ছবি: মন্ত্রণালয়
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশি কর্মীর মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত ৯ আগস্ট রিয়াদের ওই কারখানায় ভয়াবহ আগুনে ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে তাঁদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন রয়েছেন, যাঁদের চারজন একই গ্রামের বাসিন্দা এবং দুজন আপন ভাই। বাকিদের মধ্যে একজন নাটোরের নলডাঙ্গা এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।
বিমানবন্দরে মরদেহগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এরপর তাঁরা সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বাকি সাতজনের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা সম্ভব না হওয়ায় সিআইডির তত্ত্বাবধানে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শেষ হয়েছে এবং তাঁদের মরদেহ দ্রুত দেশে ফেরাতে সর্বাত্মক চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন অনুদান হিসেবে ৩ লাখ টাকা—সব মিলিয়ে ৩ লাখ ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো সরাসরি নিহতদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। প্রবাসী ভাইয়েরা কষ্ট করে বিদেশে কাজ করে পরিবারের জন্য টাকা পাঠান। যাঁদের মরদেহ এখনো দেশে আনা যায়নি, তাঁদের ডিএনএ পরীক্ষা শেষে দ্রুত ফিরিয়ে আনতে সৌদি দূতাবাস নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) দেওয়ান আলি আশরাফ এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের ডেপুটি চিফ অব মিশন ইব্রাহীম আলাহমারি।