কাতারে নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর পরিবার পেল ৩ লাখ টাকা করে অনুদান
ছবি- মন্ত্রনালয়
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর পরিবারের হাতে তিন লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার কানাইঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহত প্রত্যেক প্রবাসীর পরিবারকে তিন লাখ টাকা করে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্বজনদের ক্ষতি পূরণ করার সাধ্য কারও নেই। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়েছে।
তিনি বলেন, সরকার শুধু আর্থিক সহায়তা দিয়েই দায়িত্ব শেষ করতে চায় না। এসব পরিবারের পাশে সরকার সার্বক্ষণিকভাবে থাকবে।
নিহতদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এসব পরিবারের শিশুদের লেখাপড়ার সম্পূর্ণ খরচ বহনে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। একই সঙ্গে স্বজনহারা পরিবারগুলোর সামাজিক ও আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, এলাকার যুবকদের প্রলোভন দেখিয়ে সাগরপথে বা ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাঠানো দালালদের পরিচয় প্রকাশ্যে আনতে হবে। তাদের তথ্য সরকারকে দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবং সংরক্ষিত মহিলা আসন-২২-এর সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।