অবৈধ পথে বিদেশযাত্রা রোধে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Wednesday, August 26, 2026
ছবি: মন্ত্রণালয়
অবৈধ পথে বিদেশযাত্রার ফাঁদে ফেলে সুনামগঞ্জের যুবকদের যেসব দালাল ঠকাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকানো নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, বৈধভাবে বিদেশ যাওয়া যেমন জরুরি, তেমনি কাজ ও ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশ যাওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জে উপযুক্ত জায়গায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র ও ভাষা শেখার কোর্সের ব্যবস্থা করা হলে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব লজিস্টিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
অবৈধ অভিবাসন ঠেকাতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সুনামগঞ্জের সব মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার ভয়াবহতা এবং বৈধ পথে যাওয়ার সুফল প্রচার করতে হবে। এই সচেতনতামূলক আন্দোলনের শুরুটা সুনামগঞ্জ থেকেই হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, বৈধ সুযোগের অভাবে অনেকেই অবৈধভাবে ইউরোপে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। তবে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ইতালিতে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী। তিনি সুনামগঞ্জের যুবকদের অবৈধভাবে ইউরোপ গমনের ভয়াবহ চিত্র তুলে ধরে জানান, বিগত বছরগুলোতে অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষসারিতে রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশিদের অবৈধ বিদেশযাত্রা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বলেও তিনি উল্লেখ করেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় চার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, নূরুল ইসলাম, মোহাম্মদ কয়ছর আহমেদ ও কামরুজ্জামান কামরুল এবং জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী।
এ ছাড়া সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান ও সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন।