Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

চাহিদার প্রেক্ষিতে আবুধাবি-ঢাকা রুটে সারা বছর ফ্লাইট চালাবে ইতিহাদ

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, July 02, 2026
চাহিদার প্রেক্ষিতে আবুধাবি-ঢাকা রুটে সারা বছর ফ্লাইট চালাবে ইতিহাদ

-কোলাজ ছবি

আবুধাবি-ঢাকা রুটে এখন থেকে সারা বছরই ফ্লাইট পরিচালনা করবে ইতিহাদ এয়ারওয়েজ। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রবল চাহিদার কথা উল্লেখ করে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় সংস্থাটি। একই সঙ্গে বৈশ্বিক নেটওয়ার্কের আরও চারটি রুটে ফ্লাইট বৃদ্ধি ও মৌসুমি সেবার মেয়াদ বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।


ইতিহাদ জানায়, গত ২৬ জুন চালু হওয়া ঢাকা রুটের উদ্বোধনী ফ্লাইটের সব আসন বিক্রি হয়ে যায়। যাত্রী চাহিদার ধারাবাহিকতায় এ রুটে এখন থেকে সপ্তাহে চারটি ফ্লাইট সারা বছর পরিচালিত হবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজে পরিচালিত এসব ফ্লাইটে বিজনেস ক্লাসে ২৮টি এবং ইকোনমি ক্লাসে ৩৭৪টি আসন থাকবে।


এয়ারলাইনটি জানায়, যাত্রী পরিবহনের পাশাপাশি ঢাকা রুটে উল্লেখযোগ্য পরিমাণ কার্গোও পরিবহন করা হচ্ছে, যা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।


ঢাকার পাশাপাশি ব্রাসেলস, ক্রাকো, পালমা দে মায়োরকা ও জাঞ্জিবার রুটেও অতিরিক্ত ফ্লাইট যুক্ত করা হচ্ছে।


সংস্থাটি জানায়, আবুধাবি-জাঞ্জিবার মৌসুমি সেবা পূর্বনির্ধারিত সেপ্টেম্বরের পরিবর্তে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে। এছাড়া আবুধাবি-পালমা দে মায়োরকা রুটে এয়ারবাস এ৩২১এলআর উড়োজাহাজের ফ্লাইটের মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।


আগামী ২৭ জুলাই থেকে আবুধাবি-ক্রাকো রুটে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা তিন থেকে বাড়িয়ে চার করা হবে। অন্যদিকে, আগামী ১৫ ডিসেম্বর থেকে আবুধাবি-ব্রাসেলস রুটে সাপ্তাহিক ফ্লাইট সাত থেকে বাড়িয়ে ১১টিতে উন্নীত করা হবে। এ রুটে ফার্স্ট, বিজনেস ও ইকোনমি ক্লাসসমৃদ্ধ এ৩২১এলআর উড়োজাহাজে অতিরিক্ত চারটি ফ্লাইট পরিচালিত হবে।


ইতিহাদ এয়ারওয়েজের চিফ রেভিনিউ অ্যান্ড কমার্শিয়াল অফিসার আরিক ডে বলেন, "ব্রাসেলস, ঢাকা, ক্রাকো, জাঞ্জিবার ও পালমার মতো বিভিন্ন বাজারে যাত্রীদের সাড়া আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। তাই চাহিদা বেশি থাকা রুটগুলোতে অতিরিক্ত ফ্লাইট যুক্ত করা হচ্ছে।"


তিনি বলেন, এসব নতুন ও সম্প্রসারিত সেবা আবুধাবিতে আরও বেশি পর্যটক আকৃষ্ট করবে এবং ইতিহাদের বৈশ্বিক নেটওয়ার্কের সংযোগ আরও জোরদার করবে।


ইতিহাদ জানায়, নতুন ঘোষিত সব সার্ভি সের টিকিট এখন থেকেই etihad.com-এ বুকিং দেওয়া যাবে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News