শাহজালালে ব্যাগেজ সরবরাহ দ্রুত করার নির্দেশ মন্ত্রীর
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Sunday, September 06, 2026
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের কাছে ব্যাগেজ পৌঁছে দেওয়ার সময় কমাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার সকালে বিমানবন্দরটি আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি ব্যাগেজ হ্যান্ডলিংয়ের বিভিন্ন ধাপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে দুপুর ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা–চট্টগ্রাম–ঢাকা রুটের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রী ফ্লাইটটির কার্গো হোল্ড খোলা থেকে ব্যাগেজ হ্যান্ডলিং এবং যাত্রীদের কাছে ব্যাগেজ হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারকি করেন।
এ সময় তিনি উড়োজাহাজ অবতরণের পর যাত্রীদের বের হওয়ার গেট ও কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেন, যাতে ব্যাগেজ সরবরাহের সময় কমানো যায়।
মন্ত্রী আরও নির্দেশ দেন, কোনো ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের পরিকল্পিতভাবে ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হবে।
ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে যাত্রীদের তাৎক্ষণিক তথ্য দেওয়ার জন্য বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশনাও দেন তিনি।
পরিদর্শনের সময় মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন ওয়াশরুমও পরিদর্শন করেন এবং যাত্রীসেবা নিশ্চিত করতে সেগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
পরিদর্শনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।