লিবিয়ায় বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে রাষ্ট্রদূতের উদ্যোগ
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, April 16, 2026
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ মিসরাতা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. হাইথাম দিউকার সাথে বৈঠক করেন। ছবি: দূতাবাস
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ গত ১৩ এপ্রিল মিসরাতা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. হাইথাম দিউকার সাথে বৈঠক করেছেন। হাসপাতালটিতে কর্মরত বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের চুক্তিভিত্তিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।
ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস বুধবার এক বিবৃতিতে জানায়, বৈঠকে দূতাবাসের প্রথম সচিব (শ্রম)ও উপস্থিত ছিলেন। বৈঠকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত হাবীব উল্লাহ বাংলাদেশি পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি প্রবাসী স্বাস্থ্যকর্মীদের চুক্তিতে উল্লিখিত সুযোগ-সুবিধা যথাযথভাবে কার্যকর করার বিষয়ে মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।
ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. দিউকা বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং রাষ্ট্রদূত কর্তৃক উত্থাপিত প্রশাসনিক ও আর্থিক বিষয়গুলো সমাধানে কর্তৃপক্ষের চলমান প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
মিসরাতা সফরকালে রাষ্ট্রদূত হাসপাতালে কর্মরত বেশ কয়েকজন বাংলাদেশি স্বাস্থ্যকর্মীর সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের পেশাগত অভিজ্ঞতা ও প্রত্যাশা সম্পর্কে অবগত হন।
দূতাবাস জানায়, কর্মীদের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য, লিবিয়ার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসক, নার্স ও প্যারামেডিক কর্মরত রয়েছেন।