Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

স্টারলিংক ওয়াই-ফাইয়ে ১০ লাখ সংযোগের মাইলফলক স্পর্শ করল এমিরেটস

স্টারলিংক ওয়াই-ফাইয়ে ১০ লাখ সংযোগের মাইলফলক স্পর্শ করল এমিরেটস

সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস জানিয়েছে, তাদের উড়োজাহাজে চালু করা স্টারলিংকভিত্তিক ইন-ফ্লাইট ওয়াই-ফাই সেবা চালুর সাত মাসের মধ্যে যাত্রীরা ১০ লাখের বেশি সংযোগ (কানেকশন) স্থাপন করেছেন।


বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এ সময় যাত্রীরা এক পেটাবাইটেরও বেশি ডেটা ব্যবহার করেছেন এবং অনেকেই এ সেবাকে ‘বাড়ির ইন্টারনেটের চেয়েও ভালো’ বলে মন্তব্য করেছেন।


বর্তমানে প্রতিদিন ৬০টিরও বেশি স্টারলিংক-সজ্জিত এমিরেটস ফ্লাইট পরিচালিত হচ্ছে। এসব ফ্লাইটে যাত্রীরা উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ভিডিও স্ট্রিমিং, ভিডিও কল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, অনলাইন গেমিং এবং ভ্রমণের পুরো সময়জুড়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন।


এমিরেটস জানায়, এখন পর্যন্ত তাদের ৩৩টি বোয়িং ৭৭৭ এবং তিনটি এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে স্টারলিংক প্রযুক্তি স্থাপন করা হয়েছে। বহরের আরও উড়োজাহাজে দ্রুতগতিতে এ প্রযুক্তি সংযোজনের কাজ চলছে এবং প্রতি সপ্তাহেই নতুন উড়োজাহাজ এ সুবিধার আওতায় আসছে।


সংস্থাটির মতে, এমিরেটস অনেক আগে থেকেই উড়োজাহাজে ইন্টারনেট সংযোগ প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রথম দিকের এ৩৮০ উড়োজাহাজে যেখানে মোট ব্যান্ডউইথ ছিল ১ মেগাবিট পার সেকেন্ডেরও কম, সেখানে স্টারলিংক-সজ্জিত এ৩৮০ এখন ২ গিগাবিট পার সেকেন্ডের বেশি সম্মিলিত ব্যান্ডউইথ সরবরাহ করতে সক্ষম। এর ফলে সব শ্রেণির যাত্রী ৪০ হাজার ফুট উচ্চতায়ও নির্বিঘ্নে ভিডিও কল ও কনটেন্ট স্ট্রিমিং করতে পারছেন।


এমিরেটস আরও জানায়, বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস এ৩৮০-এর দুই তলা কাঠামো এবং উচ্চ যাত্রী ধারণক্ষমতার কথা বিবেচনায় রেখে এতে তিনটি স্টারলিংক অ্যান্টেনা স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে এয়ারলাইনের ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা ‘আইস’-এ (ice) সরাসরি টেলিভিশন সম্প্রচারের সুবিধাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।


স্টারলিংক স্থাপনের গতি বাড়াতে দুবাইয়ে এমিরেটস ইঞ্জিনিয়ারিং কেন্দ্রেও ইনস্টলেশন কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় সংস্থাটি।


এমিরেটসের ভাষ্য, স্টারলিংক সংযোজন তাদের যাত্রীসেবার মানোন্নয়নে চলমান বিনিয়োগের অংশ। একই সঙ্গে সংস্থাটি বহরের ব্যাপক সংস্কার কর্মসূচিও বাস্তবায়ন করছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News