সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, May 31, 2026
বন্যপ্রাণী, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় জেলে, মৌয়াল, বাওয়ালি এবং পর্যটকসহ কাউকেই বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলে প্রবেশ করতে দেওয়া হবে না।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বন সংরক্ষক ইমরান হোসেন জানান, জুন থেকে আগস্ট সময়টি সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় নদী ও খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীর বংশবৃদ্ধি ঘটে এবং বিভিন্ন উদ্ভিদের বীজ অঙ্কুরিত হয়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রতিবছরের মতো এবারও তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তিনি বলেন, নিষেধাজ্ঞাকালীন কোনো পাস বা অনুমতিপত্র ইস্যু করা হবে না। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, অনেকসময় পর্যটকদের ও যানের চলাচল বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল ও প্রজনন কার্যক্রমে বিঘ্ন ঘটায়। তবে এ নিষেধাজ্ঞার ফলে বননির্ভর হাজারো জেলে, মৌয়াল ও বাওয়ালির জীবিকায় সাময়িক প্রভাব পড়তে পারে। এ অবস্থায় বন বিভাগ ও মৎস্য বিভাগ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সহায়তা প্রদানের বিষয়টি নিয়ে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।