ভারতে পর্যটক ভিসায় গিয়ে নেওয়া যাবে চিকিৎসকের পরামর্শ
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 14, 2026
ভারতে পর্যটনের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ থাকছে নতুন ভিজিটর ভিসায় । ছবি- সংগৃহীত
ভারতে ভ্রমণের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া ও স্বল্পমেয়াদি চিকিৎসার সুযোগ রেখে পর্যটক ভিসার নাম পরিবর্তন করা হচ্ছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘ভিজিটর ভিসা’। এ ভিসায় পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, সুস্থতা কার্যক্রম এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সেও অংশ নেওয়া যাবে।
একই সঙ্গে ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনছে ভারত সরকার। ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনা হচ্ছে। আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণও ৬৫ থেকে ৭০ শতাংশ কমানোর পরিকল্পনা রয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কাজে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে ভিসা সংস্কারের কাজ শুরু হয়। নতুন কাঠামো তৈরির আগে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করা হয়েছে।
ভিজিটর ভিসার দুই ধরন
নতুন কাঠামোয় ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—এই দুই উপশ্রেণিতে ভাগ করা হয়েছে।
ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম ও স্বল্পমেয়াদি চিকিৎসা নেওয়া যাবে। এ ছাড়া ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, হস্তশিল্প এবং স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিতেও অংশ নেওয়া যাবে।
অন্যদিকে, তুলনামূলক দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হবে ভি-২ ভিসা। যোগ্যতা অনুযায়ী এ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১ ভিসার আওতাভুক্ত সুযোগ-সুবিধার পাশাপাশি এ ভিসায় পর্বতারোহণের সুযোগ থাকবে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
চিকিৎসা ভিসার মেয়াদ এক বছর
চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক বিদেশিদের ভিসাব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত চিকিৎসা ও আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য রাখা হয়েছে পৃথক ভিসা।
নতুন কাঠামোয় চিকিৎসা ভিসার চারটি উপশ্রেণি থাকবে। এম-১ ভিসা দেওয়া হবে আয়ুষ পদ্ধতির বাইরের চিকিৎসার জন্য। এম-১ ভিসাধারীর সঙ্গে যাওয়া ব্যক্তিরা পাবেন এম-২ ভিসা। অন্যদিকে, আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য থাকবে এম-৩ ভিসা। এ ভিসাধারীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য রাখা হয়েছে এম-৪ ভিসা।
এম-১ ও এম-৩ ভিসার মেয়াদ সাধারণভাবে এক বছর নির্ধারণ করা হয়েছে। ই-ভিসার ক্ষেত্রেও একই মেয়াদ কার্যকর হবে। উভয় ধরনের ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।