ভিসা আবেদন নিয়ে ১৩ দেশের সতর্কতা, দালাল ও জাল কাগজপত্র এড়িয়ে চলার আহ্বান
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, April 08, 2026
ছবি: সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ করতে ইউরোপসহ বিশ্বের ১৩টি দেশ যৌথ নির্দেশনা জারি করেছে। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা পেতে হলে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সরকারি নিয়ম-কানুন অনুসরণ করতে হবে। কোনো ধরনের শর্টকাট বা অননুমোদিত পদ্ধতি গ্রহণ থেকে বিরত থাকার ওপর জোর দেওয়া হয়েছে।
যেসব দেশ এই যৌথ নির্দেশনায় অংশ নিয়েছে, সেগুলো হলো— অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।
দেশগুলো স্পষ্টভাবে সতর্ক করেছে যে, জাল কাগজপত্র ব্যবহার, লাইসেন্সবিহীন বা অবিশ্বস্ত এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান করা আবেদনকারীদের জন্য ঝুঁকিপূর্ণ।
এসব অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, অর্থনৈতিক ক্ষতি, এমনকি গন্তব্য দেশে প্রবেশে বাধা ও আইনি জটিলতার মুখোমুখি হতে হতে পারে।
এছাড়া, দূতাবাস বা কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে কোনো দালাল বা এজেন্টের সম্পৃক্ততা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিশেষ সুবিধা বা দ্রুত ভিসা পাওয়ার প্রলোভনে মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সবশেষে আবেদনকারীদের যাচাইকৃত তথ্য এবং সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ভিসা আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এতে ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে বলে জানানো হয়।