ভেনেজুয়েলায় ভূমিকম্পে বিপর্যস্ত কারাকাস বিমানবন্দর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, June 27, 2026
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে কারাকাসের সিমোন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিমানবন্দরটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত ও চার হাজার তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, ভূমিকম্পে বিমানবন্দরের রানওয়েতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে এবং টার্মিনাল ভবনে কাঠামোগত ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট ও ছাদ ধসের ঘটনাও ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। বিমানবন্দরটি মাইকেতিয়া নামেও পরিচিত।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ২৪ জুন বিমানবন্দরের প্রধান রানওয়ে ১০আর/২৮এল বন্ধের নোটাম জারি করে, যা আপাতত ২ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। তবে বিকল্প রানওয়ে ৯/২৭ আনুষ্ঠানিকভাবে খোলা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সরাসরি বিমানবন্দরে না এসে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
বিমানবন্দরটিতে বর্তমানে আমেরিকান এয়ারলাইন্স, তুর্কিশ এয়ারলাইন্স, আইবেরিয়া, কোপা এয়ারলাইন্স, ল্যাটাম এয়ারলাইন্সসহ ২২টি আন্তর্জাতিক ও স্থানীয় বিমান সংস্থা চলাচল করে। এর মধ্যে কোপা এয়ারলাইন্স ২৫ জুন থেকে কারাকাস, বার্কিসিমেতো, ভ্যালেন্সিয়া ও বার্সেলোনায় সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।
ভূমিকম্পের কারণে আটকে পড়া যাত্রীদের নিজ নিজ দূতাবাসে নিবন্ধন করে সহায়তা চাইতে এবং স্থানীয় সংবাদমাধ্যম অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এয়ারলাইন্স আনুষ্ঠানিক বাতিলের ঘোষণা দেওয়ার আগে যাত্রীরা নিজেরা টিকিট বাতিল করলে বিমা সুবিধা বা অর্থ ফেরতের সুযোগ হারাতে পারেন।
সূত্র: Ch-Aviation/onmanorama/AFP