Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমাতে আইএলএস প্রশিক্ষণ

বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমাতে আইএলএস প্রশিক্ষণ

-বেবিচক


প্রথমবারের মতো ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কোর্স সফলভাবে শেষ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। খারাপ আবহাওয়া ও কম দৃষ্টিসীমায় উড়োজাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কারিগরি সক্ষমতা বাড়ানোই ছিল এর লক্ষ্য।


বেবিচকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আইএলএস মেইনটেন্যান্স কোর্স নং-১’ শীর্ষক পাঁচ দিনের এ বিশেষায়িত প্রশিক্ষণ বৃহস্পতিবার ঢাকার সিভিল এভিয়েশন একাডেমিতে শেষ হয়েছে।


একাডেমির ২০২৬-২৭ অর্থবছরের প্রশিক্ষণ পরিকল্পনার আওতায় ১১ অক্টোবর কোর্সটি শুরু হয়। এতে দেশের বিভিন্ন বিমানবন্দর ও সংশ্লিষ্ট বিভাগের ১৪ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।


গুরুত্বপূর্ণ নেভিগেশন যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে যুক্ত কর্মীদের কারিগরি দক্ষতা বাড়ানো এবং বিমানবন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখাই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য।


আইএলএস এমন একটি নেভিগেশন সহায়ক ব্যবস্থা, যা উড়োজাহাজকে নিরাপদে অবতরণের জন্য রানওয়েতে আসতে সাহায্য করে। বিশেষ করে প্রতিকূল আবহাওয়া ও কম দৃষ্টিসীমায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত রক্ষণাবেক্ষণ, কারিগরি ত্রুটি দ্রুত শনাক্ত করা এবং কার্যকর সমাধান বের করা ব্যবস্থাটির নির্ভরযোগ্যতা ও কর্মক্ষমতা ধরে রাখতে অপরিহার্য।


প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আইএলএসের পরিচালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ পদ্ধতি, কারিগরি ত্রুটি শনাক্তকরণ ও সমাধানের কৌশল সম্পর্কে বিশেষ নির্দেশনা পান। যন্ত্রপাতিতে সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিয়ে ফ্লাইট চলাচলে ব্যাঘাত কমানোর ব্যবহারিক দক্ষতা তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়।


বেবিচক আশা করছে, এ প্রশিক্ষণ দেশের বিমানবন্দরগুলোতে রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়াবে, নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির নির্ভরযোগ্যতা উন্নত করবে এবং সার্বিক নিরাপত্তার মান বাড়াবে।


এ ছাড়া দক্ষ দেশীয় জনবল গড়ে ওঠায় আধুনিক নেভিগেশন ব্যবস্থা রক্ষণাবেক্ষণে বিদেশি বিশেষজ্ঞ ও বাইরের কারিগরি সহায়তার ওপর নির্ভরতা কমবে বলেও আশা করা হচ্ছে।


প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বেবিচক সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ, নেভিগেশন  ও নজরদারি—সিএনএস) প্রশান্ত কুমার সাহা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক (সিএনএস) কাজী শামসুল আলম।


বেবিচক এই বিশেষায়িত কোর্স চালুকে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছে। কর্তৃপক্ষ জানায়, এ ধরনের প্রশিক্ষণ বিমানবন্দরের কর্মীদের কারিগরি দক্ষতা বাড়াবে, নেভিগেশন যন্ত্রপাতির নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করবে এবং দেশের বিমানবন্দরগুলোতে নিরাপদ ও দক্ষ উড়োজাহাজ চলাচলে সহায়তা করবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News