Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বইয়ের কাছে ফেরার নতুন ঠিকানা ‘FLOR’ চালু করল ক্রাউন প্লাজা ঢাকা

বইয়ের কাছে ফেরার নতুন ঠিকানা ‘FLOR’ চালু করল ক্রাউন প্লাজা ঢাকা


পাঠকদের বইয়ের জগতের সঙ্গে আরও কাছে নিয়ে আসতে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের দ্য ডেলি-লবি ক্যাফেতে চালু হয়েছে নতুন উদ্যোগ FLOR (For Love of Reading)। এই উদ্বোধনের পাশাপাশি উন্মোচন করা হয়েছে ক্যাফের নতুন খাবারের মেনুও, যার ফলে এফলে এক উষ্ণ ও প্রাণবন্ত আয়োজনে সাহিত্য, রসনা ও সংস্কৃতি মিলেছে একই ছাদের নিচে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট লেখক, প্রকাশক, গণমাধ্যমকর্মী এবং সাহিত্য ও আতিথেয়তা খাতের প্রতিনিধিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে-র সঙ্গে পর্দা উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে FLOR-এর উদ্বোধন করেন।


নেতৃত্ব, কথাসাহিত্য ও সমকালীন বাংলাদেশের সাহিত্যসহ সাতটি বিভাগে বাছাই করা বই নিয়ে সাজানো হয়েছে FLOR-এর সংগ্রহ। এখানকার ধারণা সহজ—কফি নিয়ে একটি বই পড়া যায়, আবার ‘TOLO’ অর্থাৎ Take One, Leave One পদ্ধতিতে বই বিনিময়ও করা যায়। বাছাইয়ে সহায়তা করতে প্রতিদিন থাকছে ‘Book Pick of the Day’ নামে একটি নির্বাচিত বইয়ের সুপারিশ।


FLOR-এর মূল ভাবনা হলো—পড়াকে সহজ, সামাজিক এবং সবার নাগালের মধ্যে নিয়ে আসা। এমন একটি জায়গা তৈরি করা, যেখানে মানুষ নিজেকে স্বচ্ছন্দে ঘরের মতো অনুভব করবে, পছন্দের একটি বই হাতে নিয়ে কিছুক্ষণ নিজের মতো নিমগ্ন থাকবে।


উদ্বোধনী অনুষ্ঠানে কার্থি ভিকে বলেন, জীবনের বড় একটা অংশ এখন ডিজিটাল পর্দার দখলে থাকায় FLOR মানুষকে একটু থেমে বই হাতে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। তিনি বলেন, “আমরা চাই এটি এমন একটি জায়গা হয়ে উঠুক, যেখানে মানুষ স্থির হবে, নতুন ভাবনার সঙ্গে পরিচিত হবে এবং সংযোগ তৈরি করবে—একটি বইয়ের সঙ্গে, কথোপকথনের সঙ্গে কিংবা নিজের সঙ্গেই।” বই বিনিময়ের এই ব্যবস্থা FLOR-কে শুধু হোটেলের অংশ নয়, বরং একটি বাড়ন্ত পাঠকসমাজের অংশ করে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।


বইয়ের গুরুত্ব এবং ব্যক্তি ও সমাজ গঠনে এর ভূমিকা তুলে ধরে প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা ধীরে ধীরে বই থেকে দূরে সরে গেছি; আর বই থেকে দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বুদ্ধিবৃত্তিক ও সভ্যতাগত ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি।“


তিনি বলেন, বিশ্বের জ্ঞাননির্ভর সমাজগুলোর বুদ্ধিবৃত্তিক জীবনে বই এখনো গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। একটি বই পাঠকদের নিয়ে যায় আরও বড় এক জগতে— “যেখানে আমরা জ্ঞান অর্জন করি, মনোযোগ দিতে শিখি, প্রশ্ন করি, তর্ক করি, বিতর্ক করি এবং আমাদের কল্পনার সীমানা আরও বিস্তৃত করি।“


FLOR উদ্বোধনের পাশাপাশি দ্য ডেলিতে নতুন খাবার ও কফির মেনুও চালু করা হয়েছে, যা অতিথিদের আরও কিছুটা সময় কফি ও আলাপচারিতায় কাটানোর সুযোগ করে দেবে। অনুষ্ঠান শেষ হয় ওয়েসিস লাউঞ্জের একটি বিশেষ হাই টি আয়োজনের মাধ্যমে, যেখানে অতিথিরা সাহিত্য, সংস্কৃতি ও পাঠাভ্যাসের পরিবর্তনশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন।


ক্রাউন প্লাজার মতে, FLOR শুধু বই পড়ার একটি জায়গা নয়—এটি এমন একটি পরিসর, যেখানে অতিথিরা ব্যস্ততা থেকে সরে এসে সময় কাটাতে, নতুন কিছু আবিষ্কার করতে এবং বইয়ের জগতের সঙ্গে নতুনভাবে যুক্ত হতে পারবেন। উদ্যোগটি ব্যবসা, অবসর, সংস্কৃতি ও ব্যক্তিগত আগ্রহকে একসূত্রে গাঁথার ক্রাউন প্লাজার বৃহত্তর ভাবনারই একটি অংশ বলে জানানো হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News