Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বোয়িংয়ের ২০টি ড্রিমলাইনার কেনার পরিকল্পনা মালয়েশিয়া এয়ারলাইনসের

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 22, 2026
বোয়িংয়ের ২০টি ড্রিমলাইনার কেনার পরিকল্পনা মালয়েশিয়া এয়ারলাইনসের

সংগৃহীত

বড় উড়োজাহাজের বহর সম্প্রসারণ ও লিজ নেওয়া এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজের বিকল্প হিসেবে ১৬ থেকে ২০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কেনার পরিকল্পনা করছে মালয়েশিয়া এয়ারলাইনস। এ বিষয়ে চুক্তি নভেম্বরের শেষ নাগাদ হতে পারে। ডিজেএস এভিয়েশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, সবকিছু ঠিক থাকলে ২০২৯ বা ২০৩০ সালে প্রথম উড়োজাহাজ সরবরাহ করা হতে পারে। তবে উৎপাদনে নতুন করে কোনো বিলম্ব না হওয়ার ওপর সরবরাহের সময় নির্ভর করছে। মালয়েশিয়া এয়ারলাইনস ও বোয়িং—কোনো পক্ষই এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।


শুরুতে লিজ নেওয়া এ৩৫০ উড়োজাহাজের বিকল্প হিসেবে প্রায় ১০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা ছিল মালয়েশিয়া এয়ারলাইনসের। তবে এখন ২০টি পর্যন্ত উড়োজাহাজ কেনার বিষয়টি বিবেচনা করছে সংস্থাটি। এতে বড় উড়োজাহাজের বহর দ্বিগুণ করার পাশাপাশি মাঝারি ও দীর্ঘ দূরত্বের রুটে ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়বে।


কতটি উড়োজাহাজের ক্রয়াদেশ চূড়ান্ত হবে, কোন মডেল নেওয়া হবে এবং কোন ইঞ্জিন ব্যবহার করা হবে, তা এখনো জানা যায়নি। তবে সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, মালয়েশিয়া এয়ারলাইনস বেশি যাত্রী ধারণক্ষমতার বোয়িং ৭৮৭-১০ মডেল কেনার বিষয়টি বিবেচনা করছে।


মালয়েশিয়া এভিয়েশন গ্রুপের প্রেসিডেন্ট ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন নাসারুদ্দিন এ বাকর আগেই জানিয়েছিলেন, বড় উড়োজাহাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই আসবে। এ ক্ষেত্রে বোয়িং ৭৮৭-কে পছন্দের মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে চুক্তির বিষয়টি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


উড়োজাহাজ সরবরাহের সময়কে সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে দেখছে মালয়েশিয়া এয়ারলাইনস। এয়ারবাসের কাছ থেকে এ৩৫০ কেনার বিষয়টিও বিবেচনায় ছিল। তবে সরবরাহব্যবস্থার সমস্যা ও আগে থেকে থাকা বিপুলসংখ্যক ক্রয়াদেশের কারণে ২০৩২ সালের আগে এয়ারবাসের কাছ থেকে প্রথম উড়োজাহাজ পাওয়া সম্ভব হবে না।


মালয়েশিয়া এয়ারলাইনস ২০৩২ সালের আগেই তাদের বড় উড়োজাহাজের বহর পরিবর্তনের কাজ শেষ করতে চায়। একই সময়ের মধ্যে লিজ নেওয়া এ৩৫০-৯০০ উড়োজাহাজগুলোও বহর থেকে সরিয়ে ফেলতে চায় সংস্থাটি।


বর্তমানে মালয়েশিয়া এয়ারলাইনস লিজ নেওয়া সাতটি এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজ পরিচালনা করছে। এর মধ্যে ছয়টি শুরু থেকেই বহরে রয়েছে। সপ্তমটি পরে যুক্ত করা হয়েছে। এসব উড়োজাহাজের লিজের মেয়াদ প্রায় ১২ থেকে ১৩ বছর, যা ২০৩০ সাল পর্যন্ত চলবে।


প্রতিবেদনে বলা হয়, দীর্ঘমেয়াদি লিজের খরচ পর্যালোচনা করে তা বেশি বলে মনে করেছে এয়ারলাইনসটি। এ কারণে লিজের পরিবর্তে নিজস্ব মালিকানায় বড় উড়োজাহাজ কেনার দিকে এগোচ্ছে তারা। 


ডিজেএস এভিয়েশন জানিয়েছে, বিশ্বজুড়ে উড়োজাহাজ উৎপাদনের স্লট পাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। এমিরেটসের প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্কও সতর্ক করে বলেছেন, এমিরেটস নিজস্ব বোয়িং ৭৮৭-এর ক্রয়াদেশ দিলেও প্রথম উড়োজাহাজ ২০৩০-এর দশকের আগে পাওয়ার আশা করছে না।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News