Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

চট্টগ্রাম বিমানবন্দরে ৩ লাখ টাকার তারসহ আটক যুবকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, November 28, 2026
চট্টগ্রাম বিমানবন্দরে ৩ লাখ টাকার তারসহ আটক যুবকের কারাদণ্ড

সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ মো. সোহেল (২৮) নামের এক চোরকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।


শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর ৬টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ১৫ নম্বর মেইন গেটে দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফিরছিলেন আনসার সদস্য নিত্যানন্দন ও মো. মিজানুর রহমান। এ সময় এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি তাদের নজরে আসে। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে মো. সোহেল দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।


আটকের পর তল্লাশি চালিয়ে সোহেলের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ১০০ মিটার ‘৬ আর এম প্রাইমারি ক্যাবল’ তার, তার কাটার প্লায়ার্স ও দুটি গ্যাস লাইট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিন দিন আগে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থান থেকে তারগুলো কেটে লুকিয়ে রেখেছিলেন এবং আজ ভোরে সেগুলো সরিয়ে নিতে এসেছিলেন।


ঘটনাটি তাৎক্ষণিকভাবে ক্যাম্প ইনচার্জ পিসি মো. ফখরুল ইসলামের মাধ্যমে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট অভিযুক্ত সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।


রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই স্থাপনার সম্পদ রক্ষায় আনসার সদস্যদের পেশাদারিত্ব ও সতর্ক দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News