টার্মিনাল পরিচালনায় বড় অগ্রগতি
তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার
বাংলাদেশ ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে কয়েক বছরের অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে। তবে চুক্তির কিছু বিতর্কিত শর্ত..
ছবি- এভিয়েশন এক্সপ্রেস
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সরকার। আগামী ৩০ নভেম্বর এ চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটির কার্যক্রম চালুর পথ তৈরি হবে।
দীর্ঘ আলোচনা, চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে বিরোধ এবং দুই বছরের বেশি সময়ের অনিশ্চয়তার পর দেশের অন্যতম বৃহৎ বিমান চলাচল অবকাঠামো প্রকল্পটি চালুর পথে এগোচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার দায়িত্ব নেওয়ার পর তৃতীয় টার্মিনাল চালুর বিষয়টিকে অগ্রাধিকার দেয়। পরে বিজয় দিবসে ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরুর পরিকল্পনার কথা জানানো হয়।
৩০ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ধাপে ধাপে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালিত হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনস যুক্ত হবে।
২০২৩ সালের অক্টোবরে পরীক্ষামূলকভাবে উদ্বোধনের পরও বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হয়নি টার্মিনালটি। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই বড় বাধা দূর হবে বলে আশা করা হচ্ছে।
১৬ ডিসেম্বর বিমান দিয়ে যাত্রা শুরু
আবু সাঈদ মাহমুদ খান জানান, ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিয়ে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হবে। ফ্লাইটটি দুবাই অথবা কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যেতে পারে।
তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দুবাই অথবা কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে টার্মিনালটির উদ্বোধন করা হবে।’ উদ্বোধনের আগে গন্তব্য চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
১৭ ডিসেম্বর থেকে নতুন টার্মিনালে সীমিত পরিসরে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হবে। প্রাথমিকভাবে প্রতিদিন দুটি আন্তর্জাতিক ফ্লাইট আসবে এবং দুটি ফ্লাইট ছেড়ে যাবে।
প্রথম তিন মাস শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই টার্মিনাল ব্যবহার করবে।
এই সময় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নতুন পরিচালনাকারী প্রতিষ্ঠান টার্মিনালের কার্যক্রমের প্রস্তুতি, যাত্রীসেবা এবং বিভিন্ন সমস্যার বিষয়গুলো পর্যবেক্ষণ করবে। পরে ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। এরপর বিদেশি এয়ারলাইনসগুলোও নতুন টার্মিনাল ব্যবহার শুরু করবে।
একসঙ্গে বিপুলসংখ্যক যাত্রী, ফ্লাইট ও ভূমিসেবার কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করলে যে ধরনের সমস্যা তৈরি হতে পারে, তা এড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিচালনার দায়িত্ব হস্তান্তরে আট মাস
৩০ নভেম্বর কনেশন চুক্তি স্বাক্ষরিত হলেও জাপানি কনসোর্টিয়াম সঙ্গে সঙ্গে টার্মিনালের সব পরিচালন দায়িত্ব পাবে না।
আবু সাঈদ মাহমুদ খান জানান, চুক্তি বাস্তবায়নের কার্যক্রম প্রায় আট মাস ধরে ধাপে ধাপে সম্পন্ন হবে। এই সময়ে বিভিন্ন সেবার দায়িত্ব পর্যায়ক্রমে পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে।
প্রাথমিক পর্যায়ে বেবিচক প্রয়োজনীয় পরিচালন সহায়তা দেবে। এর মধ্যে পরিচ্ছন্নতা সেবা এবং যাত্রী ওঠানামার জন্য বোর্ডিং ব্রিজ পরিচালনার বিষয়ও রয়েছে।
জাপানি কনসোর্টিয়াম প্রয়োজনীয় জনবল, ব্যবস্থা ও পরিচালন সক্ষমতা গড়ে তোলার আগপর্যন্ত এসব ব্যবস্থার মাধ্যমে সেবার ধারাবাহিকতা বজায় রাখা হবে।
নতুন টার্মিনালের সঙ্গে এয়ারলাইনসের কার্যক্রম, যাত্রী ব্যবস্থাপনা, ব্যাগেজ পরিবহন এবং বিমানবন্দরের অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা সমন্বয়ের ক্ষেত্রে ধাপে ধাপে দায়িত্ব হস্তান্তর গুরুত্বপূর্ণ হবে।
আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পুরোনো টার্মিনাল ও নতুন টার্মিনালের মধ্যে এয়ারলাইনসের কার্যক্রম সমন্বয় করাও কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ হবে।
ছয় মাসের মধ্যে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার
বিমানবন্দরের পরিচালন পরিকল্পনায় উল্লেখযোগ্য আরেকটি বিষয় হলো দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাদাতা প্রতিষ্ঠান নিয়োগ।
আবু সাঈদ মাহমুদ খান জানান, ডিসেম্বরের পর ছয় মাসের মধ্যে জাপানি কনসোর্টিয়াম দ্বিতীয় একটি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান নিয়োগ দেবে। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান এই সেবা দেবে।
বর্তমানে দেশের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
দ্বিতীয় প্রতিষ্ঠান যুক্ত হলে ব্যাগেজ ব্যবস্থাপনা, উড়োজাহাজের ওঠানামার প্রস্তুতি, রানওয়ের পাশে বিভিন্ন কার্যক্রম এবং যাত্রী সহায়তার মতো সেবায় প্রতিযোগিতা তৈরি হতে পারে।
এয়ারলাইনসের জন্য দক্ষ গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা ফ্লাইটের সময়সূচি ঠিক রাখা, উড়োজাহাজের অবস্থানকাল কমানো এবং পরিচালন নির্ভরযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
যাত্রীদের ক্ষেত্রে এর সুফল দেখা যেতে পারে ব্যাগেজ সরবরাহ, বোর্ডিং ব্যবস্থা এবং সামগ্রিক বিমানবন্দর সেবায়।
তবে এই প্রতিযোগিতা কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে দক্ষ প্রতিষ্ঠান নিয়োগ, দায়িত্বের স্পষ্ট বণ্টন এবং কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থার ওপর।
এ কারণে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের বিষয়টি টার্মিনালের পরিচালন কার্যক্রমে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয় হয়ে থাকবে।
বিতর্কিত শর্তে চুক্তি স্বাক্ষরে বিলম্ব
বেবিচক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাপানি কনসোর্টিয়ামের মধ্যে দীর্ঘ আলোচনার পর ৩০ নভেম্বর চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে। চুক্তির কয়েকটি শর্ত নিয়ে মতবিরোধের কারণে আলোচনা দীর্ঘায়িত হয়।
গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় প্রস্তাবিত শর্তগুলো পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
তবে এর আগে চুক্তির কয়েকটি শর্ত নিয়ে বিভিন্ন পর্যায়ে আপত্তি উঠেছিল। এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সবচেয়ে বিতর্কিত প্রস্তাবগুলোর একটি ছিল তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরোনো টার্মিনাল ১ ও ২ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা।
পুরোনো টার্মিনালগুলোর ভবিষ্যৎ ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। কারণ, এসব অবকাঠামো নির্মাণে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে গেলে বিদ্যমান অবকাঠামো কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে সংসদ সদস্যরা প্রশ্ন তোলেন।
এ ছাড়া বিশ্বের বিভিন্ন বিমানবন্দরের উদাহরণ তুলে ধরে একাধিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। প্রস্তাবিত ব্যবস্থার কারণে বিমানবন্দরের সক্ষমতা ও পরিচালন নমনীয়তা অপ্রয়োজনীয়ভাবে সীমিত হয়ে পড়বে কি না, সে প্রশ্নও ওঠে।
আরেকটি বিতর্কিত শর্ত ছিল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর নতুন কোনো বেসামরিক বিমানবন্দর নির্মাণ করা যাবে না।
সমালোচকেরা প্রশ্ন তোলেন, এ ধরনের শর্ত ভবিষ্যতে বিমান চলাচল অবকাঠামোর উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে এবং যাত্রী চাহিদা বাড়লে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত করতে পারে।
এসব বিষয় চুক্তি নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কয়েক মাসের আলোচনার পর চুক্তিটি চূড়ান্ত করার পথে এগোয়।
১০ নভেম্বর বেবিচকের বোর্ড সভায় অনুমোদন পাওয়ার পর চুক্তি স্বাক্ষরের পথ তৈরি হলেও বিতর্কিত শর্তগুলোর চূড়ান্ত ভাষা সম্পর্কে পাওয়া তথ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাজস্ব ভাগাভাগি নিয়ে প্রশ্ন
কনেশন চুক্তির আর্থিক কাঠামো নিয়েও আলোচনা ও পর্যালোচনা হয়েছে।
আলোচনার সময় প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সংশ্লিষ্ট রাজস্বের ২৭ শতাংশ বাংলাদেশ পাওয়ার কথা ছিল।
তবে অপারেশনাল পার্শিয়াল কমেন্সমেন্ট ডেট (ওপিসিডি) থেকে কমার্শিয়াল ম্যানেজমেন্ট ডেট (সিএমডি) পর্যন্ত অন্তর্বর্তী সময়ে জাপানি পরিচালনাকারী প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় হিসেবে ১৩ দশমিক ৫ শতাংশ দেওয়ার প্রস্তাব নিয়ে আপত্তি ওঠে।
এই সময়ে টার্মিনাল সীমিত পরিসরে কার্যক্রম শুরু করবে এবং পরে পূর্ণ বাণিজ্যিক সক্ষমতায় পৌঁছাবে। ফলে এই অন্তর্বর্তী সময়ের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রম ও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার ফি এবং অর্থ পরিশোধের ব্যবস্থায় পার্থক্য নিয়েও আলোচনা হয়েছে।
এসব মতবিরোধ থেকে বোঝা যায়, সরকারের রাজস্বের স্বার্থ এবং আন্তর্জাতিক পরিচালনাকারী প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রত্যাশার মধ্যে ভারসাম্য রাখা কতটা জটিল।
চূড়ান্ত চুক্তিতে বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে রাজস্ব, পরিচালন দায়িত্ব এবং আর্থিক ঝুঁকি কীভাবে ভাগ হবে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
২২ হাজার কোটি টাকার বিনিয়োগের সুফলের অপেক্ষা
তৃতীয় টার্মিনাল বাংলাদেশের বিমান চলাচল অবকাঠামো খাতে অন্যতম উচ্চাভিলাষী বিনিয়োগ।
প্রকল্পটির প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। তবে পরবর্তী সংশোধন ও অতিরিক্ত কাজের কারণে প্রকল্পের মোট ব্যয় বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর টার্মিনালটির নির্মাণকাজ শুরু হয়।
নির্মাণকাজের ৯৯ শতাংশের বেশি শেষ হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির পরীক্ষামূলক উদ্বোধন করা হয়।
তবে পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এবং সমঝোতা চূড়ান্ত না হওয়ায় দুই বছরের বেশি সময় ধরে টার্মিনালটি নিয়মিত বাণিজ্যিক কার্যক্রমের বাইরে ছিল।
দীর্ঘ এই বিলম্বের কারণে সরকারি বিনিয়োগের ব্যবহার, নির্মাণ শেষ হওয়া অবকাঠামো রক্ষণাবেক্ষণের আর্থিক প্রভাব এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরোনো টার্মিনালগুলোর ওপর বাড়তে থাকা চাপ নিয়ে প্রশ্ন তৈরি হয়।
নতুন সরকারের অগ্রাধিকারের কারণে প্রকল্পটি এখন প্রথম বাণিজ্যিক যাত্রী পরিবহনের কাছাকাছি পৌঁছেছে।
তবে ১৬ ডিসেম্বরের উদ্বোধন পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর পরিবর্তে ধাপে ধাপে পরিচালনা কার্যক্রম চালুর প্রথম ধাপ হবে।
যাত্রী ধারণক্ষমতা বাড়বে ২ কোটি
তৃতীয় টার্মিনাল চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে বিমানবন্দরের পুরোনো টার্মিনাল দুটির সম্মিলিত বার্ষিক যাত্রী ধারণক্ষমতা প্রায় ৮০ লাখ।
নতুন টার্মিনাল পুরোপুরি চালু হলে বিমানবন্দরের মোট বার্ষিক যাত্রী ধারণক্ষমতা বেড়ে প্রায় ২ কোটিতে পৌঁছাবে।
অতিরিক্ত এই সক্ষমতা বাংলাদেশের আন্তর্জাতিক ভ্রমণের ভবিষ্যৎ চাহিদা পূরণ, বিমানবন্দরের কার্যকারিতা বাড়ানো এবং আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে ঢাকার অবস্থান শক্তিশালী করতে সহায়তা করতে পারে।
নতুন টার্মিনালে রয়েছে আধুনিক যাত্রীসেবা অবকাঠামো। এর মধ্যে ১০০টি চেক-ইন কাউন্টার, ১০টি স্বয়ংক্রিয় চেক-ইন কিয়স্ক, ব্যাগেজ নেওয়ার জন্য ১৬টি সাধারণ বেল্ট এবং বড় আকারের ব্যাগেজের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া রয়েছে স্বয়ংক্রিয় ব্যাগেজ ব্যবস্থাপনা, যাত্রী ওঠানামার জন্য বোর্ডিং ব্রিজ, চলন্ত হাঁটার পথ, শিশুদের যত্ন নেওয়ার লাউঞ্জ, পরিবারবান্ধব সুবিধা এবং স্বাস্থ্যসেবার জন্য নির্দিষ্ট স্থান।
এসব সুবিধার মাধ্যমে যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করা এবং বেশি যাত্রী সামলানোর ক্ষেত্রে এয়ারলাইনস ও বিমানবন্দরের সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
তবে যাত্রীসেবার মান শুধু অবকাঠামোর ওপর নির্ভর করবে না। পরিচালন দক্ষতা, কর্মীদের প্রশিক্ষণ, ব্যাগেজ সরবরাহ, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ওপরও তা নির্ভর করবে।
সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি মাস
২৯ নভেম্বর বেবিচকের সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক কনেশন চুক্তি এবং তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
পরদিন সন্ধ্যায় চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দীর্ঘ আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এই আলোচনার কারণে টার্মিনালটির পরিচালন কার্যক্রম শুরু হতে দীর্ঘ সময় লেগেছে।
এরপর সবার নজর থাকবে ১৬ ডিসেম্বরের উদ্বোধন, ১৭ ডিসেম্বর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা এবং জাপানি কনসোর্টিয়ামের কাছে ধাপে ধাপে পরিচালন দায়িত্ব হস্তান্তরের দিকে।
প্রথম তিন মাস শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা, পরবর্তী সময়ে বিদেশি এয়ারলাইনসের যুক্ত হওয়া এবং দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ—এসব বিষয় কর্তৃপক্ষের পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতার গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে।
বাংলাদেশের বিমান চলাচল খাতের জন্য তৃতীয় টার্মিনাল চালু হওয়া শুধু নতুন একটি বিমানবন্দর ভবন চালুর বিষয় নয়।
এর মাধ্যমে বিমানবন্দরের সেবার আধুনিকায়ন, পরিচালন ক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি এবং বাড়তে থাকা আন্তর্জাতিক যাত্রী সামলানোর সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
৩০ নভেম্বরের চুক্তি তৃতীয় টার্মিনাল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটাতে পারে। তবে এর পূর্ণ সুফল পেতে হলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে ধারাবাহিক সমন্বয়, স্বচ্ছ বাস্তবায়ন এবং সীমিত কার্যক্রম থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায় সফলভাবে উত্তরণ নিশ্চিত করতে হবে।