ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ, শ্রদ্ধা জানানো হবে মুক্তিযুদ্ধের মিত্র অঁদ্রেকে
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, November 17, 2026
ছবি- দূতাবাস
ফরাসি সংস্কৃতি, রন্ধনশিল্প ও শৈল্পিক ঐতিহ্যকে বরণ করে নিতে রাজধানীতে শুরু হতে যাচ্ছে নয় দিনব্যাপী ‘সেমেইন ফ্রঁসেজ’ (ফরাসি সপ্তাহ)। আগামী ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরাসি দূতাবাস আয়োজিত এই উৎসবে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের নানা দিক তুলে ধরা হবে।
উৎসবে ফ্রান্সের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও আতিথেয়তা অংশীদাররা যুক্ত রয়েছে। ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্ল এই আয়োজন প্রসঙ্গে জানান, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই ফ্রান্স সবসময় এ দেশের পাশে রয়েছে। স্বাধীনতা, মানবিক মর্যাদা ও সংহতির অভিন্ন মূল্যবোধ উদ্যাপনের জন্যই এই ফরাসি সপ্তাহের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে এতে স্মরণ করা হবে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জোরালো সমর্থন জানানো খ্যাতিমান ফরাসি লেখক ও সাবেক সংস্কৃতি মন্ত্রী অঁদ্রে মালরোকে। মালরোর মৃত্যুর ৫০তম বার্ষিকীতে তাঁর অবদানকে চিরস্মরণীয় করতে উৎসবে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধের মিত্রকে শ্রদ্ধাঞ্জলি
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরে উন্মোচন করা হবে ‘অঁদ্রে মালরো মেমোরি ওয়াল’। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর ঐতিহাসিক সংহতি ও অবদান সংরক্ষিত হবে। এছাড়া আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মালরোর সম্মানে একটি নির্ধারিত স্থান উদ্বোধন করা হবে।
আভিজাত্য ও শিল্পকলা
রাজধানীতে ফরাসি পরিবেশনা শিল্পকলার ছোঁয়া আনতে ‘দ্য আর্টিস্ট ক্লাব’-এর সহযোগিতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় একটি অপেরা সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সেখানে ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেঁ ও পিয়ানোবাদক ফাব্রিস মেত্র সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন। এছাড়া ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর আয়োজনে নারীর অধিকার এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক একটি বিশেষ অনুষ্ঠানও এই আয়োজনে যুক্ত রয়েছে।
ফরাসি রন্ধনশিল্প ও ফরাসি স্বাদ
উৎসবের রন্ধনসম্পর্কীয় মাত্রা যোগ করতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ফরাসি শেফ পাত্রিক কানে-র পরিচালনায় অনুষ্ঠিত হবে ফরাসি রন্ধন উৎসব। ভোজনরসিকরা এর মাধ্যমে ফরাসি রান্নার ঐতিহ্য উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি তিনি হসপিটালিটি খাতের শিক্ষার্থী ও উদীয়মান রন্ধন পেশাজীবীদের জন্য একটি বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করবেন।
মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, আলিয়ঁস ফ্রঁসেজ এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সমন্বয়ে আয়োজিত এই ফরাসি সপ্তাহ প্রচলিত কূটনৈতিক সম্পর্কের গণ্ডি পেরিয়ে দুই দেশের মানুষের মেলবন্ধন ও সাংস্কৃতিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।