Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দুবাইয়ের ৩৫ বিলিয়ন ডলারের নতুন বিমানবন্দরে পাইলিং শুরু

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 18, 2026
দুবাইয়ের ৩৫ বিলিয়ন ডলারের নতুন বিমানবন্দরে পাইলিং শুরু

সংগৃহীত

দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণকাজ এগিয়ে চলছে। ৩৫ বিলিয়ন ডলারের এই প্রকল্পে বর্তমানে এক লাখের বেশি কর্মী কাজ করছেন। বিমানবন্দরটির পাইলিংয়ের কাজও শুরু হচ্ছে। মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুবাই এয়ারপোর্টসের প্রধান নির্বাহী পল গ্রিফিথস। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


পল গ্রিফিথস বলেন, বিমানবন্দরের নির্মাণকাজ পুরোদমে চলছে। মাটির নিচের অবকাঠামো নির্মাণের কাজ অনেক দূর এগিয়েছে। বড় নির্মাণকাজের চুক্তি নিয়েও আলোচনা চলছে এবং কিছু চুক্তি দেওয়া হয়েছে।


প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ বিলিয়ন ডলার বা ১২৮ বিলিয়ন দিরহাম। নির্মাণকাজে কর্মীর সংখ্যা বেড়ে ১ লাখ ২০ হাজারে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।


প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান দুবাই এভিয়েশন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস গত জুনে জানিয়েছিল, বিমানবন্দরটির জন্য ১৭ হাজারের বেশি কংক্রিটের পাইল স্থাপন করা হয়েছে। এ ছাড়া ৪ কোটি ৫০ লাখ ঘনমিটারের বেশি মাটি খনন করা হয়েছে।


চলতি বছরের শুরুতে কর্মকর্তারা জানিয়েছিলেন, ২০২৬ সালে বিমানবন্দরের টার্মিনাল, কনকোর্স ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ৫৫ বিলিয়ন দিরহামের বেশি অতিরিক্ত চুক্তি দেওয়া হতে পারে।


২০২৪ সালের ২৮ এপ্রিল প্রকল্পটির সর্বশেষ সম্প্রসারণ পরিকল্পনায় অনুমোদন দেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।


নির্মাণকাজ শেষ হলে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (ডিএক্সবি) জায়গা নেবে। পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দরটিতে পাঁচটি রানওয়ে ও শত শত উড়োজাহাজ রাখার ব্যবস্থা থাকবে। বছরে ২৬ কোটি যাত্রী এবং ১ কোটি ২০ লাখ টন পণ্য পরিবহনের সক্ষমতা থাকবে বিমানবন্দরটির।


বিমানবন্দরটির প্রথম পর্যায়ের কার্যক্রম ২০৩২ সালে শুরু হওয়ার কথা। এরপর ধাপে ধাপে এর সক্ষমতা বাড়ানো হবে।


এদিকে ২০২৬ সালের প্রথম নয় মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছেন ৫ কোটি ৪ লাখ যাত্রী। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৮ দশমিক ১ শতাংশ কম। দুবাই এয়ারপোর্টসের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News