Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়: নতুন রাউটার বসানোর কাজ স্থগিত

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 18, 2026
যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়: নতুন রাউটার বসানোর কাজ স্থগিত

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দেশব্যাপী উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনার পর নতুন রাউটার বসানোর কাজ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। গত শুক্রবার যোগাযোগ ব্যবস্থার ত্রুটির কারণে এই নজিরবিহীন অচলাবস্থা তৈরি হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নাল ও সিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এফএএ জানিয়েছে, ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল, তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন রাউটার স্থাপন বন্ধ থাকবে। ওয়াল স্ট্রিট জার্নালের হিসাবে, শুক্রবারের ওই ঘটনায় প্রায় ২০ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া সূচি বিপর্যয়ে পড়েছে আরও কয়েক হাজার ফ্লাইট। তবে বিমান চলাচল বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য বলছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ১৮ হাজার ১০০টির বেশি ফ্লাইট বাতিল কিংবা তিন ঘণ্টার বেশি দেরিতে ছেড়েছে। যদিও এর সব কটি এফএএর ত্রুটির কারণে ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি।


ত্রুটির সূত্রপাত যেভাবে


যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস আরকানসাসের এল ডোরাডোতে একটি নতুন রাউটার বসানোর পরই বিপত্তি শুরু হয়। এর প্রভাবে দেশের ২২টি আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের মধ্যে ১৭টিতে যোগাযোগ ও রাডার সংকেতে বারবার বিঘ্ন ঘটতে থাকে। উচ্চ আকাশে থাকা উড়োজাহাজগুলোকে পথ দেখানোর কাজ করে এই কেন্দ্রগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়।


মন্ত্রী আরও জানান, তিন সপ্তাহ আগে টেক্সাসের আমারিলোতে একটি রাডার কেন্দ্রে বসানো আরেকটি রাউটারও এই জটিলতায় ভূমিকা রেখেছে। মূলত পুরোনো তামার তার বদলে সারা দেশে ফাইবার-অপটিক লাইন বসানোর কাজ করছিল এলথ্রিহ্যারিস। এ সময় প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজার বার সংযোগ স্থাপনের চেষ্টায় সিস্টেমে ‘অতিরিক্ত ডেটার’ চাপ তৈরি হয়। এতে উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ ও রাডার সংকেত অস্থিতিশীল হয়ে পড়ে।


আপাতত পরিস্থিতি সামাল দিতে ২৫ বছর ধরে ব্যবহৃত পুরোনো সিসকো রাউটারগুলোই চালু রাখা হয়েছে। আর সমস্যাকবলিত নতুন রাউটারগুলো এলথ্রিহ্যারিসের নিজস্ব ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।


দায় নিচ্ছে না নির্মাতা প্রতিষ্ঠান


পরিবহনমন্ত্রী ডাফি উল্লেখ করেন, এর আগে ৬৮টি জায়গায় একই মডেলের রাউটার বসানো হয়েছিল এবং সেগুলো ঠিকভাবেই কাজ করছিল। এফএএ জানিয়েছে, এল ডোরাডোতে ঠিক কী ঘটেছিল, তা তারা ল্যাবে কৃত্রিমভাবে তৈরি করে দেখতে পারলেও সমস্যার মূল কারণ এখনো ধরতে পারেনি।


এদিকে রাউটার নির্মাতা প্রতিষ্ঠান জুনিপারের মূল কোম্পানি হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই) যন্ত্রের ত্রুটির কথা নাকচ করে দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, যন্ত্রটি সঠিকভাবেই কাজ করছিল। স্থাপনকারী প্রতিষ্ঠান যেভাবে সেটআপ বা কনফিগার করেছে, রাউটারটি সেভাবেই চলেছে।


রাজনৈতিক চাপ ও বিপুল আর্থিক ক্ষতি


এই ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। সিনেট কমার্স কমিটির ডেমোক্র্যাট সদস্যরা পরিবহনমন্ত্রীকে চিঠি দিয়ে ঘটনার মূল কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে এমন বিপর্যয় ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা কংগ্রেসকে জানাতে বলেছেন। রুদ্ধদ্বার বৈঠকের পর কয়েকজন রিপাবলিকান সিনেটরও বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সিএনএনের তথ্য অনুযায়ী, এলথ্রিহ্যারিস মোট ৩ হাজার ৬৪৮টি জুনিপার রাউটার বসানোর পরিকল্পনা নিয়েছিল। এর মধ্যে ৪০০টি বসানো হলেও সচল আছে মাত্র ৬৯টি।


অন্যদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম ও বিমানবন্দরগুলোর আধুনিকায়নের জন্য ৫ হাজার ১০ কোটি (৫০ দশমিক ১ বিলিয়ন) ডলার বরাদ্দ চেয়ে মঙ্গলবার আইনপ্রণেতাদের চিঠি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে ১ হাজার ১০ কোটি ডলার শুধু উড়োজাহাজ নিয়ন্ত্রণ ব্যবস্থার মানোন্নয়নে খরচ করার প্রস্তাব দেওয়া হয়েছে।


গবেষণা প্রতিষ্ঠান বার্নস্টেইনের হিসাব বলছে, ফ্লাইট বাতিল, টিকিটের অর্থ ফেরত এবং যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ চার এয়ারলাইনস—আমেরিকান, ডেল্টা, ইউনাইটেড ও সাউথওয়েস্টের সম্মিলিতভাবে ৩৪ কোটি ৫০ লাখ ডলার ক্ষতি হয়েছে। সামনে থ্যাংকসগিভিং ছুটির আগে আবারও এমন বিপর্যয় ঘটলে ক্ষতির অঙ্ক আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News