এমব্রায়েরের উড়োজাহাজে ১০ শতাংশ শুল্কের প্রস্তাব, বাড়বে মার্কিন এয়ারলাইনসের খরচ
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, November 26, 2026
ব্রাজিলের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়েরের তৈরি উড়োজাহাজের ওপর যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হলে মার্কিন এয়ারলাইনসগুলোর খরচ বাড়বে। কারণ, এমব্রায়েরের উড়োজাহাজের কোনো বিকল্প মার্কিন নির্মাতাদের হাতে নেই। বুধবার বিশ্লেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রপ্তানি খাতগুলোর মধ্যে উড়োজাহাজশিল্প অন্যতম। গাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো বিভিন্ন শিল্পে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুল্ক আরোপ করলেও উড়োজাহাজশিল্প এত দিন এর বাইরে ছিল।
তবে ব্রাজিলের তৈরি বাণিজ্যিক উড়োজাহাজসহ বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এক ডজনের বেশি বাণিজ্যিক অংশীদারের পণ্যে শুল্ক আরোপের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে কানাডার বোম্বার্ডিয়ারের তৈরি ব্যক্তিগত উড়োজাহাজ যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে পরে জানা যায়, সামরিক চুক্তির আওতায় কিছু উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটায় তৈরি করা হচ্ছে। এরপর তিনি সেই অবস্থান থেকে সরে আসেন।
প্রস্তাবিত শুল্ক আগামী জানুয়ারি থেকেই কার্যকর হতে পারে। এতে মার্কিন এয়ারলাইনসগুলোর এমব্রায়েরের উড়োজাহাজ কেনার খরচ বাড়বে। এমন সময়ে এই শুল্কের প্রস্তাব এসেছে, যখন ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আগে থেকেই চাপে রয়েছে এয়ারলাইনসগুলো।
মিশিগানভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যারোডাইনামিক অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড আবুলাফিয়া বলেন, ‘এমব্রায়েরের যাত্রীবাহী উড়োজাহাজের কোনো মার্কিন প্রতিদ্বন্দ্বী নেই।’
কোম্পানির নথি অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে মার্কিন এয়ারলাইনস আমেরিকান এয়ারলাইনস, স্কাইওয়েস্ট এয়ারলাইনস ও রিপাবলিক এয়ারওয়েজের জন্য এমব্রায়েরের ই-১৭৫ মডেলের প্রায় ১৬০টি উড়োজাহাজের ক্রয়াদেশ নিশ্চিত ছিল।
আমেরিকান এয়ারলাইনসের কোম্পানি নথিতে বলা হয়েছে, বছরের শেষ নাগাদ তাদের আঞ্চলিক ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান আমেরিকান ঈগলের জন্য এমব্রায়েরের তৈরি পাঁচটি বাণিজ্যিক উড়োজাহাজ সরবরাহ পাওয়ার কথা রয়েছে। ২০২৭ সালে আরও ১৪টি উড়োজাহাজ পাওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে এয়ারলাইনসটি এয়ারলাইনস ফর আমেরিকা নামের বাণিজ্যিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
এয়ারলাইনস ফর আমেরিকা উড়োজাহাজ ও উড়োজাহাজের যন্ত্রাংশের ওপর শুল্ক শূন্য রাখার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, উড়োজাহাজ রপ্তানির কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত ৯ হাজার ৩০০ কোটি ডলার। এ অবস্থায় উড়োজাহাজের খরচ বাড়ানোর সময় এখন নয়।
রিচার্ড আবুলাফিয়া মনে করেন, এমব্রায়েরের উড়োজাহাজের ওপর শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করবে না ট্রাম্প প্রশাসন। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটের চাপ এবং রিপাবলিকানদের সমর্থন রয়েছে এমন ফ্লোরিডা অঙ্গরাজ্যে এমব্রায়েরের কারখানা থাকা এর মধ্যে অন্যতম।
আবুলাফিয়া বলেন, ‘এটি এমব্রায়েরের উড়োজাহাজের জন্য ঠিক ততটাই বড় হুমকি, যতটা শুল্ক আরোপের হুমকি ছিল বোম্বার্ডিয়ারের উড়োজাহাজের জন্য। অন্য কথায়, এটি কার্যকর হবে না।’
এমব্রায়ের জানিয়েছে, বিশ্বজুড়ে উড়োজাহাজশিল্পে শূন্য শুল্কব্যবস্থা বজায় রাখার পক্ষে তারা জোরালো অবস্থান নিয়েছে। প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রে ৩৫০ কোটি ডলারের সম্পদ এবং ২ হাজার ৫০০ জনের বেশি কর্মী রয়েছে।
তবে প্রস্তাবিত শুল্কের প্রভাব এমব্রায়েরের প্রেটর মডেলের ব্যক্তিগত উড়োজাহাজের ওপর কতটা পড়বে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। প্রেটর উড়োজাহাজগুলো অসম্পূর্ণ অবস্থায়, অর্থাৎ রং ও অভ্যন্তরীণ সাজসজ্জা ছাড়াই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এমব্রায়েরের কারখানায় নেওয়া হয়। সেখানে উড়োজাহাজগুলোর বাকি কাজ সম্পন্ন করা হয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সম্পূর্ণ তৈরি উড়োজাহাজের’ কথা উল্লেখ করা হয়েছে। তবে শুল্কের তালিকায় থাকা পণ্যের কোডে সম্পূর্ণ তৈরি ও অসম্পূর্ণ উড়োজাহাজের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি।
জেপি মরগ্যান তাদের গ্রাহকদের দেওয়া এক নোটে বলেছে, প্রস্তাবিত শুল্কের আওতায় প্রেটর উড়োজাহাজ পড়বে বলে তারা মনে করে না। এমব্রায়েরের মোট ব্যবসায়িক উড়োজাহাজ বিক্রির ৭০ শতাংশই এই মডেলের।
তবে ইউবিএসের বিশ্লেষকেরা মনে করেন, প্রেটর উড়োজাহাজের ওপরও শুল্ক কার্যকর হতে পারে। এই মডেলের মোট সরবরাহের ৬৫ শতাংশই যায় যুক্তরাষ্ট্রে।