নতুন সিডনি বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইনসের দৈনিক ফ্লাইট চালু
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, November 25, 2026
অস্ট্রেলিয়ার নতুন ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনের ফ্লাইট চালু করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। গত সোমবার (২৩ নভেম্বর) সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে এ রুটে প্রথম ফ্লাইট পরিচালনা করে বিমান সংস্থাটি।
নতুন বিমানবন্দরটিতে ফ্লাইট চালু করা তৃতীয় বিমান সংস্থা সিঙ্গাপুর এয়ারলাইনস। এর আগে জেটস্টার ও এয়ার নিউজিল্যান্ড সেখানে ফ্লাইট পরিচালনা শুরু করে। সিঙ্গাপুর এয়ারলাইনসই প্রথম এশীয় বিমান সংস্থা, যারা এই বিমানবন্দরে ফ্লাইট চালু করেছে।
সিঙ্গাপুর এয়ারলাইনস আগে থেকেই সিডনির কিংসফোর্ড স্মিথ বিমানবন্দরে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করে। নতুন রুট চালুর ফলে সিডনিতে তাদের দৈনিক ফ্লাইটের সংখ্যা বেড়ে পাঁচটিতে দাঁড়িয়েছে।
এসকিউ২০১ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে ওয়েস্টার্ন সিডনিতে পৌঁছাবে। ফিরতি এসকিউ২০২ ফ্লাইটটি রাত ১১টা ৫৫ মিনিটে ছেড়ে পরদিন ভোর ৫টা ৫ মিনিটে সিঙ্গাপুরে পৌঁছাবে।
এ রুটে ৩০৩ আসনের এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজ ব্যবহার করছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এতে বিজনেস ক্লাসের ৪০টি এবং ইকোনমি ক্লাসের ২৬৩টি আসন রয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইনসের দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট ফু চাই উ বলেন, পশ্চিম সিডনি একটি গুরুত্বপূর্ণ ও দ্রুত বিকাশমান অঞ্চল। নতুন ফ্লাইটের মাধ্যমে সেখানকার বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। পাশাপাশি পণ্য পরিবহনের সুবিধাও বাড়বে।
তিনি বলেন, ওয়েস্টার্ন সিডনি বিমানবন্দর ২৪ ঘণ্টা চালু থাকে। এখানে ফ্লাইট চলাচলে কোনো কারফিউ নেই। ফলে যাত্রীরা সিডনিতে দিনের বাকি সময় কাটিয়ে রাতে সিঙ্গাপুরের ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।
অস্ট্রেলিয়ায় সিঙ্গাপুর এয়ারলাইনসের অন্যান্য গন্তব্যের মধ্যে রয়েছে মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড, কেয়ার্নস ও ডারউইন। নতুন ফ্লাইটের ফলে পশ্চিম সিডনির বাসিন্দারা শহর পেরিয়ে কিংসফোর্ড স্মিথ বিমানবন্দরে না গিয়েই চাঙ্গি হয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন।
ওয়েস্টার্ন সিডনি বিমানবন্দর থেকে এয়ার নিউজিল্যান্ড গত ২৬ অক্টোবর থেকে অকল্যান্ডে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করছে। ২০২৭ সালের প্রথম প্রান্তিকে ভিয়েতজেট হো চি মিন সিটি এবং ফিজি এয়ারওয়েজ নাদিতে ফ্লাইট চালু করবে। কাতার এয়ারওয়েজও দোহায় ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।
এদিকে জেটস্টার আগামী মার্চ থেকে এয়ারবাস এ৩২১এলআর উড়োজাহাজ দিয়ে বালিতে প্রতিদিনের ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। এটি চালু হলে ওয়েস্টার্ন সিডনি বিমানবন্দরের সঙ্গে ইন্দোনেশিয়ার প্রথম আকাশপথের সংযোগ তৈরি হবে।